বেনাপোল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামান দ্বীপের কাছে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহম্পতিবার রাতে বেনাপোল চেকপোস্টে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ওসি আলী আজম জানান, প্রায় আড়াই বছর আগে দালালের মাধ্যমে সমুদ্র পথে বিদেশ যাওয়ার সময় প্রথমে থাইল্যান্ডের নৌ-বাহিনীর হাতে ধরা পড়েন ওই ১৮ বাংলাদেশি। ১৫ দিনের মতো আটকে রেখে থাই নৌ-সদস্যরা আবারো তাদের সমুদ্রে ছেড়ে দেয়।
২০০৮ সালের ২০ ডিসেম্বর ভারতের উপকূল রক্ষীবাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা আন্দামান দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করে কারাগারে পাঠায়।
কিছুদিন আগে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে যোগোযোগ করে ওই আটক বাংলাদেশিদের তালিকা পাঠায়। এরপরই তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়।
ওসি আলী আজম জানান, মঙ্গলবার জাহাজে করে তাদের পশ্চিমবঙ্গ নেওয়া হয়। সেখান থেকে বৃহম্পতিবার বিকালে বিশেষ পুলিশ ভ্যানে করে ভারতীয় পেট্রপোল চেকপোস্টের বিএসএফ ক্যাম্পে পাঠানো হয়। এরপর রাতে বিএসএফ হস্তান্তর করে বিজিবি'র কাছে।
ফেরত আসা ওই ১৮ বাংলাদেশি হলেন- কক্সবাজারের সদর উপজেলার আবুল শ্যামার ছেলে আব্দুস সোবহান (২২), মো. হোসেনের ছেলে সালামতুল্লাহ (২৪), কাদের হোসেনের ছেলে আবু তৈয়ব (২১), হাজি আলী আহম্মেদের ছেলে ইব্রাহিম (১৯), নুরুল ইসলামের ছেলে মো. সেলিম (২১), আমানউল্লাহর ছেলে রাশেদ উল্লাহ (৩২), আবুল হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২৮), আবুল মঞ্জুরের ছেলে জাফর আলম (২৮), আবুল মোতালেবের ছেলে মো. সালাম (১৬), হাজি কলিম মিয়ার পুত্র শফিকুর রহমান (১৬), গোলাম হোসেনের ছেলে আব্দুল করিম (১৯), আদিবুর রহমানের ছেলে সিরাজউল্লাহ (২২), নুরুল ইসলামের ছেলে শহীদ হোসেন (১৮), আব্দুল হালিমের ছেলে হামিদ হোসেন (৩২), নুরুল ইসলামের ছেলে আব্দুস শুকুর (২৪), সাতকানিয়া উপজেলার আবু বক্করের ছেলে সৈয়দ (৩২), নূর আহম্মেদের ছেলে সৈয়দ আলম (২২) ও মাগুরা জেলার আব্দুর রাজ্জাকের ছেলে রানা হোসেন (২৭)।
ফেরত আসা রাশেদ উল্লাহ ও দীন মোহাম্মদ জানান, টেকনাফের আদম ব্যাপারী আব্দুস সালাম তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার করে টাকা নিয়ে টেকনাফ থেকে ইঞ্জিন চালিত নৌকায় সমুদ্র পথে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন।
বিশেষ ব্যবস্থায় শুক্রবার ফিরে আসাদের নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১০ ঘ.
bdnews24