ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি পঠন-পাঠনে দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূলের মানুষকেও এ ভাষায় দক্ষ করে তোলার তাগিদ দিলেন বেল্টা আন্তর্জাতিক সম্মেলনের বক্তারা।
'পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি শিক্ষণ: বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও স্থানীয় প্রেক্ষাপট' শীর্ষক পঞ্চম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার ঢাকার বিয়াম ফাউন্ডেশনে শুরু হয়।
বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) ও ইংলিশ ইন অ্যাকশনের (ইআইএ) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই সম্মেলন ২২ মে পর্যন্ত চলবে।
সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ইংরেজি শুধু একটা ভাষা নয়, এটি একটি 'টেকনোলজি' যা দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এক্ষেত্রে ইংরেজি পঠন-পাঠনে দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, দেশে শিক্ষকদের ইংরেজির দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বেলটার ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে 'ইএলটি: বিশ্বের ওপর বৈশ্বিক ধারার প্রভাব' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ডেভিড গ্রাডোল।
অলাভজনক সংগঠন বেল্টা বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৬১৯ ঘ.
bdnews24