আহসান হাবীব নীলু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কুড়িগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম জেলায় ফাইলেরিয়াসিস রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। কেবল কুড়িগ্রাম নয়, রংপুর বিভাগের অন্য জেলাগুলোতেও বাড়ছে এই রোগ।
কিউলেক্স প্রজাতির মশা হচ্ছে এ রোগের বাহক। এই মশা আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে দিচ্ছে এ রোগের জীবাণু। এ রোগে আক্রান্ত ব্যক্তির হাত, পা, অন্ডকোষসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। ফলে তারা ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলে।
এ রোগ নিরাময়ের জন্য কার্যকর কোন ওষুধ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গত কয়েক বছরে এ রোগের প্রতিষেধক বড়ি বিতরণ করা হলেও পার্শ্ব প্রতিক্রিয়া, মৃত্যু গুজব ও তদারকির অভাবে কর্মসূচি পুরোপুরি সফল হয়নি। ফলে ফাইলেরিয়াসিস রোগের বিস্তার ঠেকানো যাচ্ছে না।
কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বের ৮০টি দেশে ফাইলেরিয়াসিস রোগের প্রকোপ রয়েছে। বাংলাদেশের ৩০টি জেলায় রয়েছে এই রোগ। এর মধ্যে উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সব চেয়ে বেশী।
গত নভেম্বরে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ জরিপ মতে, কুড়িগ্রামে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৯২ জন। এদের মধ্যে পা ফোলা ৮১৬ জন, হাত ফোলা ১৬৩ জন, অন্ডকোষ ফোলা ১ হাজার ১৬০ জন ও অন্যান্য অঙ্গে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন।
চিকিৎসকরা জানান, কিউলেক্স প্রজাতির স্ত্রী মশার মাধ্যমে এ রোগ মানুষের দেহে ছড়িয়ে পড়ে। কৃমি জাতীয় এক ধরণের জীবাণুর অনুপ্রবেশের ফলে মশার কামড়ানোর জায়গাটি চুলকায় এবং লাল হয়। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট হয়। হাত, পা, স্তন বা অন্ডকোষ ফুলে বিকৃত হয় শরীর। রোগী কর্মক্ষমতা হারায় এবং কখনই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না।
এ রোগের চিকিৎসার জন্য ওষুধ সেবন, হাত-পা পরিস্কার রাখা, বিকৃত অঙ্গের ব্যায়াম এবং অন্ডকোষ ফুলে গেলে অস্ত্রোপচার করাতে হয়। তাতে কিছুটা স্বস্তিবোধ হলেও পুরোপুরি সুস্থ হওয়া যায় না।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে মশা সুস্থ মানুষের শরীরে এই রোগের জীবাণু ছড়িয়ে দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের ভয়াবহতা উপলব্ধি করে তা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সহায়তায় গত পাঁচ বছর ধরে প্রতিষেধক বড়ি খাওয়ানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আওতায় ২ বছরের বেশি বয়সের শিশু থেকে শুরু করে প্রত্যেককে একটি করে প্রতিষেধক ও সঙ্গে কৃমিনাশক বড়ি দেওয়া হয়।
এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে এই রোগের ভয়াবহতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য পৌঁছেনি।
সরেজমিন ঘুরে জানা গেছে, পাতলা পায়খানা, বমি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় শুনে প্রায় ৬০ ভাগ মানুষ এই প্রতিষেধক বড়ি সেবন করেননি। এই ওষুধ সেবন করলে মৃত্যু হয়-এ ধরনের গুজবও গ্রামাঞ্চলে রয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম ফকিরপাড়া গ্রামে বৃহস্পতিবার অনুসন্ধান করে ১৫ জন ফাইলেরিয়াসিস রোগীর দেখা মেলে। এদের সবাই নারী। এর মধ্যে জোলেখা (৭২) তার বোন মফিয়া (৫০), ছকিমন (৩৮), মেয়ে খোদেজা বেগম (৪০) রয়েছে।
জোলেখা বেগম জানান, ১৭ বছর আগে হঠাৎ চুলকানো শুরু হয় তার পায়ে। এরপর হাসপাতালে ও কবিরাজের কাছে চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি। পা ফুলে ঢোল হয়ে আছে তার। পায়ে শক্তি কমে গেছে। ঠিকমত হাটা চলা করতে পারেন না। মাঝে মাঝে ব্যথা হয়। জ্বর এলে হুঁশ থাকে না।
প্রায় চার বছর আগে আক্রান্ত হয়েছেন পিয়ারী (২৫), গৃহবধূ গোলজন (৪০), মোমেনা (৮০), রহিমা (৫০), কছিমন বেগম (৭০), ফাতেমা (৫২)। তারা কেউ এই বড়ি খাননি।
এই গ্রামের মনোয়ারা (৪৮) ও বুলজন (৪৮) বলেছেন, প্রতিষেধক বড়ি খাওয়ার পরও তারা দু বছর ধরে ফাইলেরিয়া রোগে ভুগছেন।
তারা জানান, হঠাৎ জ্বর হয়ে হাত পা ফুলে যায়। ১০/১২ দিন পর পর ব্যথা ওঠে। চিকিৎসা নিয়েও কোন লাভ হয় না। ঠিকমত কাজ করতে পারেন না। এখন পরিবারে বোঝা হয়ে আছেন অনেকেই।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আরো একজন মেডিকেল অফিসার ডাক্তার অজয় কুমার রায় জানান, ফাইলেরিয়াসিস রোগের প্রতিষেধক বড়ি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় সত্য, কিন্তু রোগের ভয়াবহতা উপলব্ধি করে এই বড়ি সেবন করা দরকার। এ ক্ষেত্রে আরো জনসচেতনতা বাড়ানোর কোন বিকল্প নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৪৫ ঘ.
bdnews24