২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

ভারতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ বৃহস্পতিবার বিকালে ফেরত দিয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঝিনাইদহ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ বৃহস্পতিবার বিকালে ফেরত দিয়েছে বিএসএফ। ঝিনাইদহের মহেশপুর ইপজেলার চাঁপাতলা গ্রামের মিরাজ হোসেন (২৫) নামের ওই যুবকের লাশ গ্রহণ করেন মহেশপুর থানার এসআই মো. আব্দুল আজিজ। বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনিস জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে বিজিবি ও বিএসএফর মধ্যে পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়। এসআই আজিজ জানান, চাঁপাতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিরাজ গত রোববার সীমান্ত অতিক্রম করে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার ছুটিপুর গ্রামে ফুফু বাড়ি বেড়াতে যান। "মঙ্গলবার ছুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ফুফুর বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই মিরাজ মারা যান।" এ খবর বাংলাদেশে পৌঁছুলে তার পরিবারের সদস্যরা লাশ ফেরতের জন্য শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পকে অনুরোধ করে। বৃহস্পতিবার বিএসএফ ও বিজিবি মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিকেল সাড়ে ৫টায় মিরাজের লাশ হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোস্তফা কামাল ও এসআই মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ছিলেন ফতেপুর কোম্পানি কমান্ডার ধর্ম প্রকাশ, ছুটিপুর বিওপি কমান্ডার কেএস চ্যাটার্জি ও হাসখালি থানার এসআই শক্তি পদ পোদ্দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫০ ঘ.