নরসিংদী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় নরসিংদী সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামকে মারধর করে দুর্বৃত্তরা। হামলার প্রতিবাদে দলিল লেখক সমিতি কাজ বন্ধ রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবলীগের সহ-সভাপতি ওয়ালিউর রহমান আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বিকেলে রেজিস্ট্রি অফিসে হামলা চালিয়ে দলিল লেখক সমিতির সভাপতি রফিকুল ইসলামকে মারধর করে এবং অফিস তছনছ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
নরসিংদী সদরের সাব রেজিস্টার মকবুল হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে দলিল লেখকসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে চলে যায়।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি নূরে আলম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমিতির সদস্যরা কাজে যোগ দেবেন না বলে জানান তিনি।
এ অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ওয়ালিউর রহমান আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা এখানে বসে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, আমরা তার প্রতিবাদ করেছি মাত্র।"
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাসিব সানোয়ার বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২৫৩ ঘ.
bdnews24