ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক অপরাধ আইনে সংশোধনের সুপারিশ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এ সংশোধনের সুপারিশ করেছে সংস্থাটি।
হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী ব্র্যাড অ্যাডামস বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এ কথা উল্লেখ করেন বলে সংস্থাটির ওয়েবসইটে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিঠিটি সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ব্র্যাড অ্যাডামস বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক অপরাধ আইন এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এর কিছু ধারা সংশোধন করা জরুরি বলে আমরা মনে করি।"
চিঠিতে বলা হয়, খসড়া প্রণয়নের সময় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এ আন্তর্জাতিক মান অনুসরণ করা হলেও গত দুই দশকে আন্তর্জাতিক অপরাধ আইনের ব্যবহার অনেক বিবর্তিত হয়েছে।
সেক্ষেত্রে সাবেক যুগোস্লাভিয়া ও রুয়ান্ডা, সিয়েরালিয়নসহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের অভিজ্ঞতা কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে ওই চিঠিতে।
এইচআরডব্লিউ'র এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী 'নাগরিক ও রাজনৈতিক অধিকার' শীর্ষক আন্তর্জাতিক চুক্তিপত্রের (আইসিসিপিআর) অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিটি) সব ধারা অনুসরণ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, "আইসিসিপিআর-এ যাবতীয় স্বচ্ছ বিচার ও অভিযুুক্তের অধিকার সুরক্ষার উপাদান রয়েছে।"
প্রয়োজনীয় সংশোধন ছাড়া বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "এর ফলে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে এই বিচার নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে, এতে লাভবান হবে অভিযুক্তরাই।"
চিঠিতে আইন সংশোধনের সুপারিশ করে বলা হয়, ৩(২) ধারায় উল্লেখিত যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সংজ্ঞা আরো পরিষ্কার করা, অভিজ্ঞতার ভিত্তিতে প্রসিকিউটর ও বিচারক নিয়োগ, আইসিসিপিআর'র ১৪(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬(৮) ধারা সংশোধন ছাড়াও অভিযুক্তদের অধিকার সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপরিশ করা হয়।
চিঠির অনুলিপি আইনমন্ত্রী শফিক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান নিজাম উল হক ও রেজিস্ট্রার মোহাম্মদ শাহিনুর ইসলামকেও পাঠানো হয়।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ বিচারে গত বছর ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ঘোষণা দেয় বর্তমান সরকার। ওইদিনই আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার ঘোষণা দেওয়া হয়।
বিএনপি ও জামায়াতে ইসলামির সাতজন নেতা যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/পিডি/২২৩১ ঘ.
bdnews24