২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের অস্ত্র মামলা বিশেষ আদালতে

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনের অস্ত্র মামলা বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

বরিশাল, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনের অস্ত্র মামলা বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে। ৯ জুন মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে লিমনের জামিনের মেয়াদ। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের আদালত মামলা স্থানান্তর ও সময়সীমা বৃদ্ধির আদেশ দেন বলে জানান লিমনের আইনজীবী মানিক লাল আচার্য্য। গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে লিমন আহত হন। লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। রাজাপুরের স্থানীয় অধিবাসীদের বেশিরভাই লিমনের বক্তব্য সমর্থন করেন। র‌্যাব ওই রাতেই লিমনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এই দুই মামলাতেই লিমন এখন জামিনে মুক্ত আছেন। বর্তমানে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানিকলাল আচার্য্য জানান, লিমনের মামলাটি ম্যাজিস্ট্রেট থেকে বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ এ স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, লিমন অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় আদালতে উপস্থিত না থাকায় তার পক্ষে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হলে আদালত এ সময়সীমা বৃদ্ধি করেন। প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ এদিকে লিমনের উপর নির্যাতনসহ সব বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল নগরীতে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ হয়। ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সভাপতি রেজাউর ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জ্ঞাপন করেন লিমনের মা হেনোয়ারা বেগম, সিপিবি নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, আলবার্ট রিপন বল্লভ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১১০ ঘ.