২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলের অর্থে উপকূলে আশ্রয় কেন্দ্র হচ্ছে

জলবায়ু তহবিলের অর্থে দেশের উপকূলীয় অঞ্চলের জন্য নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ, পুরনো আশ্রয় কেন্দ্র সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিলের অর্থে দেশের উপকূলীয় অঞ্চলের জন্য নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ, পুরনো আশ্রয় কেন্দ্র সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে। এজন্য উপকূলীয় নয়টি জেলায় এ কাজের জন্য ১৮৭ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড'র (বিসিসিআরএফ) গভর্নিং কাউন্সিলের প্রথম সভায় বৃহস্পতিবার এ কাজের জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এসব প্রকল্পের অর্থ ছাড়ের জন্য প্রকল্পটি দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দাতা দেশ ও সংস্থার সহায়তায় এ তহবিল গঠন করা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হাছান মাহমুদ বলেন, গৃহীত প্রকল্পের অর্থ দিয়ে প্রাথমিকভাবে দুর্যোগের সময় উপকূলীয় এলাকার মানুষের আশ্রয়ের জন্য ৫০টি নতুন ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। একইসঙ্গে ৪০টি পুরনো আশ্রয় কেন্দ্রও সংস্কার করা হবে। এছাড়া এই অর্থ ব্যয়ে উপকূলীয় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৫০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এ তহবিলের জন্য দাতা দেশ ও সংস্থার কাছ থেকে প্রায় ১৪৭ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্র"তি পেয়েছে। এছাড়া যুক্তরাজ্য সরকার ১০ মিলিয়ন ডলার এবং অস্ট্রেলীয় সরকার ১৬ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। হাছান মাহমুদ বলেন, সভায় আরো ৪৭ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের দু'টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রকল্প দু'টি হচ্ছে- 'সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারে নোয়াখালী-উড়িরচর-সন্দ্বীপ ক্রস ড্যাম নির্মাণ' এবং 'উপকূলীয় অঞ্চলে বনায়ন'। বিসিসিআরএফ'র পরবর্তী বৈঠকে এ দুটি প্রকল্পও চুড়ান্ত অনুমোদন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া সভায় এই তহবিলের আওতায় প্রকল্প বাস্তবায়ন তদারকি ও মূল্যায়নের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন এবং প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটি অনুবিভাগ গঠনে দুই লাখ ডলার দেওয়ার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিম, ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূইয়া, পরিবেশ সচিব মেজবাহ উল আলম, গভর্নিং কাউন্সিল সদস্য আসলাম ভূঁইয়া এবং শহীদ আকতার হোসেন, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন, ইউরোপীয় ইউনিয়নে প্রতিনিধি মিল্কো ভেন গুল ও ডিএফআইডি'র ওয়াল্যান্ডা রাইট এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৮ ঘ.