ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের ৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদেশে বলা হয়, পুনর্গঠিত বেঞ্চগুলো রোববার সকাল সাড়ে ১০টা থেকে কাজ শুরু করবে। এতে ৬টি দ্বৈত ও একটি একক বেঞ্চের বিচারিক এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিচারপতি একেএম ফজলুর রহমান ও শেখ মো. জাকির হোসেন ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরি, এ সংক্রান্ত জামিন এবং দুদক সংক্রান্ত মামলা শুনতে পারবেন।
বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও নাঈমা হায়দারের বেঞ্চ শুনবে ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদন, এ সংক্রান্ত জামিনের আবেদন, রিভিশন ও রেফারেন্স মোকাদ্দমা।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গণি ফৌজদারি আপিল ও জামিন এবং জেল আপিল গ্রহণ করতে পারবেন।
এম এ হাই ও রেজাউল হাসানের বেঞ্চে ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদন, এ সংক্রান্ত জামিনের আবেদন, মাদক সংক্রন্ত মামলা, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন সংক্রান্ত আপিল, নারী ও শিশু নির্যাতন বিষয়ক মকদ্দমা দায়ের করা যাবে।
বিচারপতি ফারুক আহমেদ ও ওবায়দুল হাসান দেওয়ানী মোশন, প্রথম আপিল ও প্রথম আপিল প্রবেটের শুনানি করতে পারবেন।
সহকারি জজদের মান নিরপেক্ষ ডিক্রি আদেশের বিরুদ্ধে দেওয়ানী রিভিশন এবং এসব বিষয়ে রুল ও আবেদনপত্র দেখবেন বিচারপতি মো. আবদুর রাজ্জাক। অন্যান্য জজদের অনুর্ধ্ব ৪ লাখ টাকার ডিক্রির আদেশের বিরুদ্ধেও এই বেঞ্চে আবেদন করা যাবে।
এছাড়া বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রিট মোশনের শুনানি ও এ সংক্রান্ত রুলের বিষয়ে আবেদন শুনবে।
বুধবার প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বেঞ্চ পুনর্গঠনের এই আদেশ দিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/জেকে/১৮৫৭ ঘ.
bdnews24