ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেছেন, লিমন হোসেনকে লক্ষ্য করে র্যাব গুলি করেনি। দৌড়ে পালানোর সময় তার পায়ে গুলি লাগে।
উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী বৃহস্পতিবার বলেন, "আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি- লিমনকে লক্ষ্য করে গুলি করা হয়নি। সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে গেলে, লিমন দৌড়ে পালাতে যায়, তখন র্যাব সদস্যদের গুলি লিমনের পায়ে লাগে।"
মোরশেদ জমাদ্দারের সঙ্গে লিমন হোসেন ও তার বাবার ঘনিষ্ট সম্পর্ক আছে দাবি করে তারেক সিদ্দিকী বলেন, ঘটনার দিন লিমনের বাবা সাভারে ছিলেন এবং লিমনের মা ঘটনাস্থল থেকে তিন/চার কিলোমিটার দূরে ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা।
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে র্যাবের গুলিতে আহত হন লিমন। আহত হওয়ার কয়েকদিন পর তার বাম পা কেটে ফেলতে হয়। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব।
ছয় র্যাবসদস্যসহ ১২ জনের বিরুদ্ধে গত ১০ এপ্রিল একটি হত্যাচেষ্টা মামলা করেন লিমনের মা হেনুয়ারা বেগম।
ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিভিন্ন সময়ে দাবি করেছেন, সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি করা হলেই কেবল র্যাব আত্মরক্ষার্থে গুলি করে
বিভিন্ন অভিযোগে র্যাবের সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এ ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ঝালকাঠির লিমনের ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত প্রতিবেদনে র্যাবের দোষ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।
'সহানুভূতির চেয়ে র্যাব ব্যানে সোচ্চার বেশি'
উপদেষ্টা তারেক সিদ্দিকী বলেন, "আমি জোর গলায় বলতে পারি- র্যাব কাউকে ধরে এনে গুলি করে না।"
"র্যাবকে নিয়ে কিছু পত্রিকায় এমনভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে- অনেকে মিথ্যাকেও সত্য ভাবছে। কেউ উদ্দেশ্যমূলকভাবে এর পেছনে লেগেছে।"
লিমনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে দুয়েকটি পত্রিকা বেশি লেখালেখি করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "তারা লিমনের প্রতি সহানুভূতির চেয়েও র্যাব ব্যান করার ক্ষেত্রে বেশি সোচ্চার।"
র্যাবের 'ক্রসফায়ারের' খবর ফলাও করে প্রচার হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্ত্রাসীরা হামলা করলেও তা প্রচার করা হচ্ছে না বলে দাবি করেন তারেক সিদ্দিকী।
তিনি বলেন, "সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দার বাহিনী এক পুলিশ সদস্যের পা কেটে নিয়ে গেলেও পত্রিকাটি কোনো সংবাদ করেনি। অথচ, ৪০ দিনে লিমনে নিয়ে পত্রিকাটি ৪৮টি প্রতিবেদন করেছে।
"এটা সাংবাদিক, না সম্পাদকের দোষে তা আপনারাই জানেন।"
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের সাফল্য ঈর্ষণীয়- এ দাবি করে তারেক সিদ্দিকী বলেন, "মহাজোট সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এজন্য, প্রধানমন্ত্রীর ওপর হুমকি বেড়ে গেছে।"
লিভ অ্যান্ড লেট লিভ- এই বাক্যটি উদ্ধৃত করে তারেক সিদ্দিকী বলেন, "এ পদ্ধতিতে অনেকে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন।"
অন্যান্য সরকারের সময়ে জঙ্গিদের পরোক্ষভাবে সহায়তা দেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন।
'র্যাব সদস্যরা সাহসী কিন্তু উচ্ছৃঙ্খল নয়'
বিভিন্ন বাহিনী থেকে র্যাবে সদস্য আত্মীকরণের বিষয়টি উল্লেখ করে তারেক সিদ্দিকী বলেন, "একজন অফিসার ও সৈনিকের টেম্পারামেন্ট দেখে আমরা র্যাবে নিয়োগ দিয়ে থাকি। র্যাব নিয়োগ পাওয়া অফিসার ও সৈনিকেরা সাহসী কিন্তু উচ্ছৃঙ্খল নয়।"
যুব সমাজের অবক্ষয় ঠেকাতে র্যাব কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, অশ্লীল ভিডিও তৈরি ও ইভটিজিং বন্ধ হয়েছে।
"সাফল্য সত্ত্বেও র্যাবকে নিয়ে এমনভাবে প্রচার চালানো হচ্ছে যাতে করে বহু জ্ঞানী লোকও তা বিশ্বাস করছেন।"
তারেক সিদ্দিকী জানান, এখন পর্যন্ত এক হাজার এক হাজার ৪৭ জন র্যাব সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, ৭৬ জনকে বহিষ্কার, ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন অভিযানে গিয়ে ৩৪ জন র্যাব সদস্য মারা গেছেন।
তারেক সিদ্দিকী সংবাদ সম্মেলনে র্যাবের সাফল্যের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র্যাব। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এ বাহিনীর বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।
গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এ বাহিনীকে দায়ী করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যেমন রয়েছে, তেমনি নিরাপরাধ লোকও রয়েছে বলে অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫৪ ঘ.
bdnews24