২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চাঁদপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মিডল্যান্ড হাসপাতালে মো. মিজান গাজীর (৩০) মৃত্যু হয়। তিনি উপজেলার চরদুখিয়া গ্রামের বাসিন্দা। মিজানের পিতা ছিডু মিয়া গাজী সাংবাদিকদের জানান, বাহরাইন প্রবাসী মিজান নয় মাস আগে দেশে আসে। বাড়ি ফিরে মিজান তার আপন ভাইপো হোসেন গাজীর সঙ্গে স্ত্রী শামসুন্নাহারের প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে পারে। ছিডু মিয়া বলেন, গত ১৪ মে মিজান এ বিষয়ে হোসেন ও শামসুন্নাহারকে জিজ্ঞেস করে। এতে তারা দুজনই ক্ষিপ্ত হয়ে মিজানকে মারধর করে। এক পর্যায়ে মিজানের পিঠে ও গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে হোসেন। ছিডু জানান, ওইদিনই মিজানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে ১৭ মে চাঁদপুরের মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। মিডল্যান্ড হাসপাতালের চিকিৎসক হারুন-অর-রশিদ সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো চাকুর আঘাত এবং প্রথম অবস্থায় ভালোভাবে চিকিৎসা না হওয়ায় মিজানের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৯ ঘ.