সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে অভিবাসী বাংলাদেশির সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ২০০ বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক (ওএনএস) বুধবার ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসরত বাংলাদেশির এ সংখ্যা প্রকাশ করে।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়সীমায় যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা বৃদ্ধির হার তুলে ধরেছে ওমনএস। এ সময়ে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে চার শতাংশ হারে। টাওয়ার হ্যামলেটসেই সবচেয়ে বেশি বাংলাদেশির বাস। এখানের ১৯ শতাংশ অধিবাসীই বাংলাদেশি বংশোদ্ভূত।
ওএনএসের তথ্যে বলা হয়েছে, যুক্তরাজ্যে মোট অভিবাসীর সংখ্যা ৯১ লাখ। এ সংখ্যা ২০০১ সালের চেয়ে ২৫ লাখ বেড়েছে। ইমিগ্রেশন ও উচ্চ জন্মহারের কারণে এ বৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্যে ভারতীয় অভিবাসীর সংখ্যাই সবচেয়ে বেশি। ৩ লাখ ৮০ হাজার বেড়ে ভারতীয়ের সংখ্যা হয়েছে ১৪ লাখ। লেস্টার শহরের ১৯ শতাংশ মানুষই ভারতীয় বংশোদ্ভূত।
ভারতীয়দের পরে রয়েছে পাকিস্তানি অভিবাসীর সংখ্যা। ১০ লাখ পাকিস্তানি রয়েছে যুক্তরাজ্যে। ব্রাডফোর্ডের ১৩ শতাংশ অধিবাসীই পাকিস্তানি বংশোদ্ভূত।
তবে এ সময়ে চীনা অভিবাসীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আট বছরে আট দশমিক ছয় শতাংশ বেড়ে চীনা অভিবাসীর সংখ্যা হয়েছে চার লাখ ৫১ হাজার পাঁচশ।
এছাড়া যুক্তরাজ্যে ৭ লাখ ৯৮ হাজার ৮০০ আফ্রিকান, ৬ লাখ ১৫ হাজার ২০০ ক্যারিবীয়, ৩ লাখ ৮৫ হাজার এশিয়ার অন্যান্য দেশের অভিবাসী এবং ১ লাখ ২৬ হাজার বিভিন্ন দেশের কালো মানুষ রয়েছে।
যুক্তরাজ্যে মোট পাঁচ কোটি ৪৮ লাখ নয় জন শ্বেতাঙ্গ অধিবাসী রয়েছে। তাদের মধ্যে ব্রিটিশ হচ্ছে ৪ কোটি ৫৬ লাখ ৮২ হাজার। আর আইরিশ ৫ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য দেশ থেকে যাওয়া শ্বেতাঙ্গ ১৯ লাখ ৩২ হাজার।
২০০১ সালের পর গত মার্চে যুক্তরাজ্যে প্রথম আদম শুমারি হলেও তার পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৫০০ ঘ.
bdnews24