চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পর আসামিকে নির্যাতন করে হত্যার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
মৃত মোবারক আলীর (৬৫) স্ত্রী মনোয়ারা বেগম বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম নগর অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা, পরিদর্শক বজ্র লাল চাকমা, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম, এএসআই শেখ জুলহাস আহমদ, সিপাহী আবু সাঈদ ভূইয়া, সামিরা বেগম, অজয় কুমার সাহা, রিঙ্গু চাকমা ও ইসমাইল হোসেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সিএমপি'র উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন।
মোবারক পেশায় রিকশাচালক ছিলেন।
মামলার অভিযোগে মনোয়ারা বেগম বলেন, গত ২১ এপ্রিল নগরীর ডবলমুরিং থানার কামাল গেইট এলাকার বাসা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবারক ও তার ছেলেকে অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেপ্তার করে ব্যাপক মারধর করে। এতে মোবারক অসুস্থ হয়ে পড়লেও যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এতে গত ৩০ এপ্রিল তার মৃত্যু হয়।
মনোয়ারা এজাহারে অভিযোগ করেছেন, তার স্বামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা হত্যা করেছেন।
মোবারক আলী গত ৩০ এপ্রিল ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৯ এপ্রিল তাকে হাসাপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সেসময় জানিয়েছিল- অতিরিক্ত মাদকাসক্তির কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৪ ঘ.
bdnews24