২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন-সংলগ্ন জমি নিয়ে জট ছাড়ানোর উদ্যোগ

দেশের বিভিন্ন স্থানে বনভূমির লাগোয়া ১৫ লাখ একর জমি নিয়ে দীর্ঘ দিনের জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বনভূমির লাগোয়া ১৫ লাখ একর জমি নিয়ে দীর্ঘ দিনের জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক বছরের মধ্যে বিষয়টির ফয়সালা করা হবে। বৈঠক শেষে ভূমি সচিব মো. মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের ২৭টি জেলার বনভূমির জমি নিয়ে যে জটিলতা দীর্ঘ দিন ধরে চলে আসছে, আগামী এক বছরের মধ্যে তা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সব প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। বনবিভাগের ৩০ লাখ একর জমি এরইমধ্যে গেজেটভুক্ত করা হয়েছে উল্লেখ করে ভূমি সচিব বলেন, ১৫ লাখ একর জমি নিয়ে বনবিভাগ ও জমির মালিকদের মধ্যে দীর্ঘ দিন ধরে সমস্যা চলছে। গেজেটভুক্ত 'সিএস দাগের' বনভূমি ১৯২৭ সালের বন আইনের ২০ ধারা অনুযায়ী 'সংরক্ষিত বনভূমি' ঘোষিত না হওয়া পর্যন্ত ওই জমির নামজারী, জমা খারিজ ও রেকর্ড সংশোধন বন্ধ রাখার জন্য ১৯৯৬ সালে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় ভূমি মন্ত্রণালয়। বিপুল পরিমাণ বনভূমি বেহাত হয়ে যাওয়ার উপক্রম হলে সরকার ওই উদ্যোগ নেয়। তারপর প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও সংরক্ষিত বনভূমি ঘোষণার চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি। ভূমি সচিব বলেন, বন আইনের ৪ ধারায় প্রকাশিত প্রথম গেজেটে কোন খতিয়ানের বা কোন দাগের কতটুকু বনভূমি সংরক্ষিত, তা নির্দিষ্ট করা ছিল না। এতে করে ওই দাগের লাগোয়া ব্যক্তি মালিকানাধীন জমির জমাখরচ ও নামজারিও বন্ধ হয়ে যায়। মালিকরা এখন সেই জমি বিক্রিও করতে পারছে না, আবার সরকারিভাবে জমির বন্দবোস্তও দেওয়া যাচ্ছে না। আবার জায়গা চিহ্নিত না থাকায় বন বিভাগের অনেক জমিই বেহাত হয়ে যাচ্ছে। বুধবার আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়, বন বিভাগ ঘোষিত সংরক্ষিত বনভূমি চিহ্নিত করার পাশাপাশি আইনগতভাবে প্রাপ্য ব্যক্তিমালিকাধীন সম্পত্তিতে রেকর্ড সংশোধন কার্যক্রম শুরু করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভূমি সচিব জানান। তিনি বলেন, ২৭ জেলার প্রশাসক আগামী এক বছরের মধ্যে বনভূমি ও ব্যক্তিমালিকাধীন জমি চিহ্নিত করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবেন। আর কোথাও বন বিভাগের জমি বেহাত হয়ে থাহলে তাও চিহ্নিত করে ভূমি মন্ত্রণালয়কে জানাতে হবে। ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে ভূমি মন্ত্রনালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২১৩৬ ঘ.