নারায়ণগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দম্পতির বাসায় চুরি হয়েছে।
শহরের খানপুরে অবস্থিত সরকারি কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই চুরির ঘটনা ঘটে।
চোরের দল আলমারি থেকে সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ এগারো হাজার টাকা নিয়ে গেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহিরুল ইসলাম জানান, তিনি ও তার স্ত্রী নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আইরিন পারভিন খনপুর কোয়ার্টারে অবকাশ নামের ভবনের তৃতীয় তলায় থাকেন।
বুধবার সকাল ৯টায় তারা দু'জনেই অফিসে চলে যান। বাসায় তাদের ছেলে আইয়ান (৬) ও গৃহপরিচারিকা হোসনে আরা (১৫) ছিল। হোসনে আরা বেলা ১১টার দিকে আইয়ানকে নিয়ে পাশের ফ্ল্যাটে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ফিরে এসে দেখে বাসার দরজার তালা ভাঙ্গা। ঘরে ষ্টিলের আলমারি খোলা।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আকতার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২৫ ঘ.
bdnews24