ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
ভাড়ার এই নতুন হার বৃহস্পতিবার (১৯ মে) থেকে কার্যকর হবে বলে বুধবার জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে বাসের সর্বনিু ভাড়া হবে ৭ টাকা। আর মিনি বাসের ক্ষেত্রে সর্বনিু ৫ টাকা।
সঙ্কুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বৃদ্ধির পর গণ পরিবহনের ভাড়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে যোগাযোগ মন্ত্রণালয় গত ১৬ মে পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করে বাস ও অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করে।
বৈঠকের পর জানানো হয়, বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা থেকে ৩৫ পয়সা বেড়ে ১ টাকা ৫৫ পয়সা হবে। আর মিনি বাসের ভাড়া ১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হবে ১ টাকা ৪৫ পয়সা।
ভাড়া নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) রুট পারমিটধারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়ার হার হবে কিলোমিটার প্রতি ১ টাকা ৪৫ পয়সা।
এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৯৪ ও ৯৭ পয়সা থেকে বাড়িয়ে (টোল চার্জ ও ফেরি ভাড়া ব্যতিত) ১ টাকা ১৫ পয়সা করা হয়েছে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী সিএনজি অটোরিকশার ভাড়া কিলোমিটার প্রতি ৭ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা ৫০ পয়সা এবং বিরতিকালের ভাড়া ১ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
অবশ্য অটোরিকশার সর্বনিু ভাড়া ২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮২৪ ঘ.
bdnews24