ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তির পাশাপাশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) জনগুরুত্বপূর্ণ ক্ষেত্র বিবেচনা করে এর বিভিন্ন খাতে শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিবেচনায় এর ডিভাইস- মডেমের আমদানি শুল্ক শূন্য করারও সুপারিশ এসেছে।
বুধবার কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আরো বলা হয়, বন্ধ পিএসটিএন কোম্পানিগুলোর ওপর আরোপ করা শর্ত পূরণ ও নীতিমালা অনুসরণ সাপেক্ষে দ্রুত লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবু, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/এএল/১৭৫২ ঘ.
bdnews24