২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ১৪৪ ধারা, গ্রেপ্তার ৭, অপহরণের অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ আছে। মঙ্গলবার রাতে পুলিশ অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে। প্রতিপক্ষের হাতে ১ জন অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নোয়াখালী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ আছে। মঙ্গলবার রাতে পুলিশ অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে। প্রতিপক্ষের হাতে ১ জন অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, জনমনে আতঙ্ক এখনো কাটেনি। রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। উপজেলা সদর ও আশপাশের হাট-বাজারগুলোতে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরুন-আর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোকজনের মধ্যে এখনো ভীতিকর অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার বিষয়ে চিন্তা ভাবনা করছি।" তিনি বলেন, "আমরা চেষ্টা করছি লোকজনের উদ্বেগ-উৎকণ্ঠা দূর করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে। তবে, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেও রাস্তায় খুব একটা গাড়ি চলাচল করছে না।" রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পৌর মেয়রসহ উভয় পক্ষের ১৬ জন আহত হয়। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইন্ধন দেওয়ার জন্য আওয়ামী লীগের এক পক্ষ স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে দায়ী করেন। আজিম এই অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা সংসদ সদস্য ফজলুল আজিমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করে তার সমর্থকরা। এই ঘটনার জের ধরে সহিংসতার আশঙ্কায় স্থানীয় প্রশাসন উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। এর মধ্যেই মঙ্গলবার হাতিয়ায় হরতাল পালিত হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফাজিয়া বাজার থেকে প্রতিপক্ষের লোকজন সতীশ মহাজন (৫৫) নামের এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। সতীশের ছেলে চর ঈশ্বর ইউনিয়নের রবীন্দ্রনাথ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা সদরে যাওয়ার সময় তার বাবাকে শিপলু, জিয়াসহ কয়েক যুবক আফাজিয়া বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়। রবীন্দ্রনাথ দাস অভিযোগ করেন, তার বাবাকে অপহরণের সঙ্গে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালিউল্লার সমর্থকরা জড়িত। তিনি জানান, সতীশকে অপহরণের পর অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে প্রথমে তিন লাখ টাকা এবং এরপর পঞ্চাশ হাজার টাকা দাবি করছে। পুরো ঘটনা পুলিশকে জানানো হয়েছে বলে জানান রবীন্দ্রনাথ। নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন বলেন, অপহরণের বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। ঘটনার সত্যতা পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এএসপি জানান, আইন-শৃঙ্খলা বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সাতজনকে গ্রেপ্তার করে। এরা হলেন- নবীন উদ্দিন ওরফে বশির কসাই, স্বপন উদ্দিন, আকবর, আলাউদ্দিন, সুমন, আমির হোসেন ও মো. মনির। এএসপি নিজাম বলেন, হাতিয়ার পরিস্থিতি কিছুটা থমথমে। উপজেলা সদরের গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি জানান, হাতিয়ার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্থানীয় সাংসদ, সাবেক সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করেন এএসপি। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম বলেন, "মোহাম্মদ আলীর প্রত্যক্ষ ইন্ধনে জলদস্যু বহিনী মানুষের শান্তি কেড়ে নিয়েছে। প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, ইলিশের মৌসুমকে সামনে রেখে মূলত সাগর ও নদীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং চর দখলের উদ্দেশ্যে দস্যুরা এসব করছে। মোহাম্মদ আলীর মাধ্যমে এদের সঙ্গে প্রশাসনেরও যোগাযোগ এবং আর্থিক লেনদেন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সম্পর্কে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, লোকজনের মধ্যে কঠিন আতঙ্ক বিরাজ করছে। তিনি এ অবস্থার জন্যে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম ও নিজ দলের নেতা উপজেলা চেয়াম্যান অধ্যাপক ওয়ালিউল্লাহকে দায়ী করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবারের বৈঠকে প্রশসনকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান মোহাম্মদ আলী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যন অধ্যাপক ওয়ালিউল্লাহ সতীশ মহাজনের অপহরণের ঘটনাকে বানোয়াট দাবি করে পাল্টা অভিযোগ করেন, মোহাম্মদ আলীর লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে হরতাল দিয়ে জনমনে একের পর এক আতঙ্ক সৃষ্টি করে চললেও প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে মানুষ রাস্তায় গাড়ি বের করছে না, দোকানপাট খুলছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৪ ঘ.