চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর অলংকার মোড় এবং একে খান রেল গেইট এলাকা থেকে হালিশহর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রহিম (৩২), সন্দ্বীপ সুমন (৩০) এবং মো. জসিম (৩১)। সুমনের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বন্দুক।
ছিনতাইয়ের শিকার এক ব্যক্তি তাদের তিন জনকে সনাক্ত করেছেন বলে হালিশহর থানার ওসি জায়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ এপ্রিল ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদেক আহমেদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
তিন জনকে গ্রেপ্তারের পর সাদেক থানায় এসে তাদের সনাক্ত করেন বলে জানান ওসি।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে পুলিশ নগরীর সরাইপাড়া লোহার পুল এলাকায় সুমনের বাড়ি থেকে একটি দেশে তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করে।
তিন জনের বিরুদ্ধে ছিনতাইয়ের পাশাপাশি অস্ত্র আইনে আলাদা মামলা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24