ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগ্নেয়াস্ত্রসহ একটি প্রাইভেট কারের দুই আরোহীকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও নতুন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- এএসএম আদনান সাজু (১৯) ও আজিজুল হক (৩০)। তাদের কাছে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
ওসি বলেন, সাজু এবং আজিজুল মহানগরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৪২৩ ঘ.
bdnews24