২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই হওয়া শটগান মিললো যাত্রাবাড়ীতে

পুলিশের এলাকা বলে পরিচিত ঢাকার রাজারবাগে ছিনতাই হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর শটগানটি যাত্রাবাড়ীতে পাওয়া গেছে। তবে এতে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের এলাকা বলে পরিচিত ঢাকার রাজারবাগে ছিনতাই হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর শটগানটি যাত্রাবাড়ীতে পাওয়া গেছে। তবে এতে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার মধ্যরাতে শটগানটি ছিনতাই হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এটি যাত্রবাড়ীর ধোলাইর পাড়ে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধোলাইরপাড় কবরস্থানে শটগানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।" এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান। রাত ১২টার দিকে পল্টন থানা পুলিশের একটি দল রাজারবাগে চেক পোস্টে দায়িত্ব পালন করছিলো। ওই সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামানো হলে তিন যুবক নেমে কর্তব্যরত কনস্টেবল কাশেমের হাতে থাকা শটগানটি ছিনিয়ে নিয়েই দ্রুত পালিয়ে যায় বলে পুলিশ জানায়। তবে এটিতে কোনো গুলি ছিলো না। শটগানটি উদ্ধারে সঙ্গে সঙ্গে মাঠে নামে মহানগর পুলিশ। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শটগান ছিনতাইয়ের পর ঢাকা মহানগর পুলিশের সব থানাকে সতর্ক করে দেওয়া হয়। ফৌজিয়া বলেন, ছিনতাইয়ের সময় একজন সহকারী উপপরিদর্শক, দুজন কনস্টেবল ও একজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। ছিনতাইয়ের এ ঘটনায় ঘটনাস্থলে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদ হোসেন বাদি হয়ে পল্টন থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩২০ ঘ.