নোয়াখালী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলায় হরতাল চলাকালে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে।
এদিকে সোমবারের সহিংস ঘটনায় শতাধিক লোককে আসামি করে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পৌর মেয়রসহ উভয় পক্ষের ১৬ নেতাকর্মী আহত হয়। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম এই ঘটনায় ইন্ধন দিয়েছেন বলে আওয়ামী লীগের এক পক্ষ অভিযোগ করেছে। আজিম এই অভিযোগ অস্বীকার করেন।
সোমবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা সংসদ সদস্য ফজলুল আজিমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করে তার সমর্থকরা।
উভয় ঘটনায় জের ধরে স্থানীয় প্রশাসন উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
মঙ্গলবার ১৪৪ ধারার মধ্যেই হরতাল হয় হাতিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংসদ সদস্য ফজুলল আজিমের সমর্থকদের হামলায় উপজেলা সদরে সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর তিন সমর্থক আহত হয়েছে।
এরা হলেন- নাছির উদ্দিন (৪০), তাঁর ছেলে কামরুল (১৮) ও ভাতিজা মো. আসিক (২৬)।
পুলিশ ঘটনাস্থলে আসতে আসতে হামলাকারীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাতিয়ার পরিস্থিতি ভাল নয়। মঙ্গলবার আমার তিন সমর্থককে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করেছে সংসদ সদস্যের লোকেরা।"
এ ব্যাপারে সংসদ সদস্য ফজলুল আজিম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সংসদ সদস্য জানান, তিনি হাতিয়ায় অবস্থান করছেন।
সোমবার সন্ধ্যায় হাতিয়া-জাহাজমারা সড়কের পাশে মোহাম্মদ আলীর বাসার কাছে তার সমর্থকরা সাহাব উদ্দিন (৩২) নামে এক সমর্থককে মারধর করে।
ফজলুল আজিম সাহাব উদ্দিনকে নিজের সমর্থক বলে দাবি করেন।
হাতিয়া থানার ওসি সুভাষ চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবারের সংঘর্ষের ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের হয়েছে।"
এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে ৬৭ জনকে অন্য মামলায় ১৪৮ জনকে।
ওসি জানান, তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৪৭ ঘ.
bdnews24