২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছের প্রজনন হালদার দূষণ রোধে ব্যবস্থা নিচ্ছে সরকার

হালদা নদীতে মাছের প্রজননে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নদীর বাঁক উদ্ধার ও নদী দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালদা নদীতে মাছের প্রজননে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নদীর বাঁক উদ্ধার ও নদী দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান হালদা রক্ষায় গঠিত কারিগরি কমিটির উপদেষ্টা সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় কার্ফ জাতীয় মাছের প্রজননের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নদীর বাঁক পুনরুদ্ধার, পরিবেশের জন্য ক্ষতিকর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নদীর পাড়ের ইটভাটা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি কমিটি সোমবার নদীর বিভিন্ন অংশে থাকা ১৩ টি স্লুইস গেট পরিদর্শন করে। কমিটির মতামতের ভিত্তিতে একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত অর্থ বরাদ্দের লক্ষে আগামী বাজেটের আগেই তা সংসদে পেশ করা হবে জানিয়ে ফজলে করিম বলেন, প্রকল্পের আওতায় হালদার ১৩টি স্লুইস গেট সংস্কার, নদীর সত্তারঘাট থেকে ফটিকছড়ি অংশের খনন কাজ, নতুন বাঁক সৃষ্টি, হারিয়ে যাওয়া দুটি বাঁক পুনরুদ্ধার করা হবে। হালদার ভরাট হয়ে যাওয়া অংশগুলো খনন করা হলে পানি প্রবাহের গতি বাড়বে উল্লেখ করে কারিগরি কমিটির উপদেষ্টা আরো বলেন, এতে মাছ উজানের দিকে যেতে পারবে। ফলে নদীতে মাছের প্রজনন সম্ভাবনা ও মা মাছের সংখ্যা বাড়বে। হালদায় নদী দূষণকরী সব ধরনের বর্জ্য ফেলা এবং অবৈধ বালি উত্তোলন বন্ধ করা হবে। এছাড়া বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইঞ্জিন চালিত নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ফজলে করিম চৌধুরী। কাজের অগ্রগতি নিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে কমিটি আবারো বৈঠকে বসবে। চট্টগ্রাম জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহি, জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খলিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/এইচএ/১৭৪২ ঘ.