২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা চুরির অভিযোগে হত্যা

টাকা চুরির অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় টিটু বেপারী (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

শরীয়তপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা চুরির অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় টিটু বেপারী (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার গৈড্যা গ্রামে এ ঘটনা ঘটে। টিটুর বাবা ইয়াজদ্দিন বেপারী সাংবাদিকদের জানান, চার হাজার টাকা চুরির অভিযোগে সোমবার রাতে টিটুকে ধরে নিয়ে একই গ্রামের আলী আহম্মেদ তার বাড়িতে আটকে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনে টিটু মারা গেলে তার গলায় ওড়না পেচিয়ে আলী তার ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আমাদের খবর দেয়। টিটুকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। ইয়াজউদ্দিন অভিযোগ করেন, টিটুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভেদরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সাহা জানান, ইয়াজদ্দিন বেপারী চার জনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা হলেন-আলী আহম্মেদ, গনি তালুকদার, আনু তালুকদার ও মোকতার তালুকদার। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬৪৮ ঘ.