২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি মৃত্যু, অতঃপর..

পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত কলেজছাত্র ইমতিয়াজ হোসেন আবীরের পরিবার চার মাসেও শোক কাটিয়ে উঠতে পারেনি। পারিবারিক কোনো অনুষ্ঠানেও দেখা যায় না তাদের। অনেক প্রশ্নের একটি মৃত্যুর পর পরিবারে তার প্রভাব তুলে এনেছেন কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ মে, ক্যান্টনমেন্ট অফিসার্স ক্লাব, জাঁকজমকভাবেই একটি বিয়ে হচ্ছিলো। 'কাজি' বংশের এক মেয়ের বিয়ে। ওই বংশের সবাই এসেছিলেন বিয়েতে, তবে পাত্রীর এক মামাকে খুঁজে পাচ্ছিলেন না আমন্ত্রিতরা। আমন্ত্রিত এক জন ওই মামার খোঁজে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছিলেন- ওই পরিবারের কেউ কি আসবেন না। ভাইয়া-ভাবির শরীর কি খারাপ। উত্তর পেলেন- না, শরীর ঠিকই আছে। যাকে বা যার পরিবারকে খোঁজা হচ্ছিলো, তিনি হলেন কাজি গোলাম ফারুক। তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (হিসাব শাখা)। তার স্ত্রী মনোয়ারা বেগম একই প্রতিষ্ঠানের মিরপুর শাখার কর্মকর্তা। মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় থাকেন তারা। ফারুক-মনোয়ারা দম্পতির এখন এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এখন বলার কারণ হলো, তাদের আরেকটি ছেলে ছিলো। সেই বড় ছেলে ইমতিয়াজ হোসেন আবীর (১৭) গত ১১ জানুয়ারি পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এরপর থেকেই এ দম্পতি নিজেদের গুটিয়ে নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন আবীরের চাচা কাজি আবু জাফর। তিনি বলেন, "ঘটনার পর থেকে ভাইয়া-ভাবি কোনো অনুষ্ঠানে যান না। তাদের জীবনটা অসার হয়ে গেছে। কোথাও কোনো শান্তি পান না।" "আমরা কেউ এ মৃত্যু সহজভাবে মেনে নিতে পারছি না", বলেন জাফর। পুলিশ বিনা কারণে আবীরকে হত্যা করে বলে অভিযোগ করলেও এ নিয়ে কোনো মামলা করেনি আবীরের পরিবার। "কোনো ফায়দা হবে না বলে পুলিশের বিরুদ্ধে মামলাও করা হয়নি, বলেন জাফর। মোহাম্মদপুর নর্দার্ন কলেজের ছাত্র ইমতিয়াজ হোসেন আবীরের বড় বোন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছোট ভাই মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে। পুলিশের বক্তব্য অনুযায়ী, আবীর ডাকাত দলের সদস্য। যদিও ওই ঘটনার আগে আবীরের বিরুদ্ধে কোনো অভিযোগও পুলিশের কাছে ছিলো না। তবে ঘটনার পর তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। জাফর বলেন, "ফরিদপুরের নগরকান্দায় আমাদের বাড়ি। আমাদের বংশের কেউ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নেই। অথচ আমার নিষ্পাপ ভাতিজাকে ডাকাত বলে গুলি করে মেরেছে পুলিশ।" ১১ জানুয়ারি ঘটনা পর পুলিশ জানিয়েছিলো, পুলিশের সঙ্গে সংঘর্ষে 'ডাকাত' আবীর গুলিবিদ্ধ হয়। পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই সে মারা যান। ওই রাতের ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পল্লবী থানার অপারেশন অফিসার ফিরোজ হোসেন মোল্লা। তিনটি মামলাতেই আবিরকে প্রধান আসামি ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গত সোমবার জানান, ওই তিন মামলায় এখনও অন্য কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আবীরের চাচা জাফর বলেন, "শুধু পায়ে গুলি লাগার কারণে কীভাবে মৃত্যু হতে পারে? পুলিশ আন্তরিক হলে অবশ্যই আবীরকে বাঁচানো যেত। তাহলে আমার ভাই-ভাবির জীবনটা এরকম হতো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর


ক্রসফায়ারে ক্রসফায়ার