২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে আশিক হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের ব্যবসায়ী আশিকুল ইসলাম হত্যার ঘটনায় তার বড়ভাই দুইজনকে আসামি করে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নারায়ণগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ব্যবসায়ী আশিকুল ইসলাম হত্যার ঘটনায় তার বড়ভাই দুইজনকে আসামি করে মামলা করেছেন। রোববার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ফাহিমুল ইসলাম। আসামিরা হলেন- শহরের মজিদ খানপুর এলাকার নুরুন হাফিজের ছেলে সিদ্দিক ও খানপুর ব্যাংক কলোনী এলাকার মহিউদ্দিনের ছেলে সিজার। বুধবার রাতে গার্মেন্টসের স্টকলট ব্যবসায়ী আশিকুল ইসলাম নিখোঁজ হন। শনিবার তার লাশ পাওয়া যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার নথি থেকে জানা যায়, বুধবার (১১ মে) রাত সাড়ে ১০টায় শহরের মজিদ খানপুর এলাকার নুরুল হাফিজের ছেলে 'সন্ত্রাসী' সিদ্দিক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আশিককে। রাত ১১টায় আশিকের বাড়ির সামনে একটি রিকশাভ্যানে বসে আশিক, সিদ্দিক ও সিজারকে কথা বলতে দেখেন বাদীসহ অন্যরা। রাত সোয়া ১১টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আশিক নিখোঁজ থাকেন। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মেঘনা অয়েল ডিপোর পেছনে এসও এলাকায় শীতলক্ষ্যা নদীতে আশিকের লাশ পায় পুলিশ। লাশটির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে যাতে কেউ চিনতে না পারে। পরে পরিবারের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আশিকের হাতের আংটি ও পেটে একটি অপারেশনের দাগ দেখে লাশ শনাক্ত করেন। এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও করেন আশিকের ভাই। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, আশিকের বড়ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৬ ঘ.