ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ফেরত বাংলাদেশিদের পুনর্বাসনে বিশ্ব ব্যাংকের প্রতিশ্র"ত ঋণের শর্তের বিষয়ে সিদ্ধান্ত হবে ২২ মে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুন্নাহার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আগামী ২২ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় শর্তের বিষয়টি উপস্থাপন ও অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন পেলেই বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং ঋণ বিতরণ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।"
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সহজশর্তে ৪০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা) ঋণ দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে। বিশ্ব ব্যাংকের দেওয়া শর্ত পর্যালোচনা করে দেখতে তা ওই মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে ঋণের অর্থ বিতরণের প্রক্রিয়া এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংক সোনালী ব্যাংকের হিসাবে অর্থ হস্তান্তরের মাধ্যমে এ অর্থ বিতরণের প্রস্তাব দিয়েছে।
আইওএম'র মিডিয়া ব্যবস্থাপক আসিফ মুনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহ পর্যন্ত ৩৬ হাজার ৮৫৫ জন প্রত্যাগত শ্রমিকের নাম তথ্য-ভাণ্ডারে (ডাটাবেজ) নিবন্ধন হয়েছে।
"বিমানবন্দরসহ বিভিন্ন মাধ্যমে নিবন্ধিত শ্রমিকদের তালিকা পরীক্ষা করে দেখা হচ্ছে। সবকিছু শেষ করেই এ অর্থ বিতরণ শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২২২৪ ঘ.
bdnews24