২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি

আসন্ন বাজেটে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছে চারটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

রাজশাহী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বাজেটে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছে চারটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। সোমবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় রাজশাহীতে কর্মরত চারটি এনজিও। রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থা ও প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার এ সংবাদ সম্মেলন আয়োজন করে। এডিডি ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশন এতে সহায়তা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডিডি ইন্টারন্যাশনালের রাজশাহী প্রোগ্রামের সহকারী হিসাবরক্ষক খন্দকার মঈনউদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বাঁধনের সভাপতি সোহেল রানা, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ এর সভাপতি নূরজাহান আক্তার ঝর্না এবং এডিডি ইন্টারন্যাশনালের মো. মোস্তাক আহম্মেদ। সংবাদ সম্মেলনে অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা ৩০০ টাকার স্থলে ১ হাজার টাকা করা ও উপকারভোগীর সংখ্যা দ্বিগুণ করাসহ বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবি জানানো হয়। একই দাবিতে আগামী ১৮ মে সকাল ১০টায় রাজশাহী নগরীর সাহেব বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২২ ঘ.