ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বীকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন সোমবার সাংবাদিকদের জানান, এ বিষয়ে কমিশন থেকে একটি পরিপত্রও জারি করা হয়েছে।
এ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে দেশের ৪১৪টি উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে ৩১ মে থেকে ৫ জুলাই ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৪ মে একটি পরিপত্র জারি করে শিক্ষকদের এ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই পরিপত্রের ৩ নম্বর ধারা প্রত্যাহার করা হয়েছে। মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।
"এর মধ্য দিয়ে স্বীকৃত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকলো না।"
ডিএলআর-৪৮ (ঢাকা ল' রিপোর্ট) এর একটি নজির অনুসরণ করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বাতেন।
১৯৬১ সালে প্রণীত ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকন্ডারি এডুকেশন অর্ডিনেন্সে বলা হয়েছে, স্বীকৃত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষক-কর্মচারীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বিষয়টি নজরে আসার পর তা পরিপত্র আকারে জারি করে নির্বাচন কমিশন। ফলে সংক্ষুুব্ধ অনেকেই আদালতে যান। তাদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পেলেও শিক্ষক-কর্মচারীদের একটি বড় অংশ এর বাইরে থেকে যায়।
নির্বাচন কমিশনার মুহম্মাদ ছহুল হোসাইন বলেন, "কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টির পক্ষে।"
তিনি জানান, নির্বাচনকে সব ধরনের প্রভাব থেকে মুক্ত রাখতে কমিশন বরাবরের মতোই কাজ করে যাবে। নির্বাচনী আইনের অন্যথা হলে শক্ত হাতে তা মোকাবেলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০১৭ ঘ.
bdnews24