২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তের এসিডে ঝলসে গেছে নারীর মুখ

চাঁপাইনবাবগঞ্জে এক যুবতীর মুখমণ্ডল এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে এক যুবতীর মুখমণ্ডল এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বত্তরা। রোববার সকালে জেলা শহরের আলীনগর মহল্লায় এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত মেয়েটি (৩৫) এখন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি জেলার ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, নিজের করা একটি অপহরণ ও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে মেয়েটি ভোলাহাট উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসেন। রোববার সকাল ৯টায় তিনি শহরের আলীনগর রেলক্রসিংয়ে বাস থেকে নামার পর কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ২০১০ সালে উপজেলার চৌকা গ্রামের প্রেম কুমার, পিয়ালীমারি জগন্নাথপুর গ্রামের দীলিপ কর্মকার ও বিনোদপুর গ্রামের উজ্জ্বল কর্মকারের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেন এই মেয়েটি। ওই মামলায় সাক্ষ্য দিতে তিনি শহরে আসেন। মামলার জের ধরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির মুখমণ্ডল এসিডে মারাত্মকভাবে ঝলসে গেছে। অজ্ঞান অবস্থায় হাসপাতালে মহিলা ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়েটির ভাই লক্ষণ কুমার সাংবাদিকদের জানান, প্রেমকুমার বিয়ের প্রলোভন দেখিয়ে তার দুই সহযোগীসহ তার বোনকে অপহরণের পর ধর্ষণ করে। তিনি অভিযোগ করেন, প্রেমকুমার ও তার ২ সহযোগীই এসিড মেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৩ ঘ.