ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক ঘটনায় রাজধানীতে কলেজছাত্রসহ তিনজন অজ্ঞান পার্টির কবলে পড়েছেন।
অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা নিয়ে যায় বলে স্বজনরা দাবি করেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তানভির আহমেদ (২২) নামে জগন্নাথ কলেজের ছাত্রকে গুলিস্তান এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার ভাই মাসুদ আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, তানভির সোনারগাঁও থেকে বাসে করে ঢাকায় আসার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে।
তার সঙ্গে প্রায় ৩০ হাজার টাকা ছিলো বলে মাসুদ জানান।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে থেকে মুদি দোকানদার আলাউদ্দিন (৪০) ও তার ভগ্নিপতি মো. সোলায়মানকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান পথচারীরা।
ঢামেক হাসপাতালে আলাউদ্দিনের ভাইয়ের ছেলে বাবু সাংবাদিকদের বলেন, তারা দুজন প্রায় দুই লাখ আশি হাজার টাকা নিয়ে নারায়গঞ্জের ভূলতায় জমি কেনার জন্য মতলবের মিলারচর ঢাকা আসছিলেন।
পথে তারা অজ্ঞান পার্টির কবলে পড়ে বলে জানান বাবু।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজনের কারোই এখনও জ্ঞান ফিরে আসেনি। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২১৫৯ ঘ.
bdnews24