গাজীপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুর থেকে পাঁচশ' গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশের স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয় মো. মাহাবুবুর রহমান (৪০) ও মো. জালাল উদ্দিনকে (৩৩)।
মো. মাহাবুবুর রহমানের বাড়ি রাজবাড়ী সদরের মধুরদিয়া এবং মো. জালাল উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার জোনারচর গ্রামে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মো. আবুল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ক্রেতা সেজে ৫শ' গ্রাম (দানাদার) হেরোইনসহ দু'জনকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা বলে জানান পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান জানান, হেরোইন নিয়ে তারা রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে রুট পরিবর্তন করতে গিয়ে জয়দেবপুর জংশনে নামেন।
ঢাকায় মাহাবুবুর রহমান উত্তর যাত্রাবাড়ী এবং জালাল উদ্দিন থাকেন মহাখালীর আইপিএস স্টাফ কোয়ার্টারে একটি সাবলেট বাসায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24