ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিশ্বের ২০ জন শ্রেষ্ঠ বিচারপতির একজন হিসেবে উল্লেখ করে মাহবুবে আলম বলেছেন, তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিশ্বমানে নিয়ে গেছেন।
সোমবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "বাংলাদেশের বিচার ব্যবস্থা ইতিহাসে খায়রুল হক স্মরণীয় হয়ে থাকবেন। আমেরিকার জনগণ যেভাবে জন মার্শালকে স্মরণ করে, ভারতের মানুষ ভি আর কৃষ্ণাকে স্মরণ করে, সেভাবে আমরাও খায়রুল হককে স্মরণ করবো।"
বিদায়ী প্রধান বিচারপতির সমালোচকরা একদিন ভুল বুঝতে পারবেন বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, "সংবিধান ও আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য খায়রুল হক আজীবন সংগ্রাম করে গেছেন।
আমার বিবেচনায় বিশ্বের ২০ জন শ্রেষ্ঠ বিচারপতির একজন হচ্ছেন খায়রুল হক।"
বিদায়ী প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা কেন গ্রহণ করেননি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "বিগত দিনে তাকে যেভাবে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়েছে, সে কথা স্মরণ করে হয়তো তিনি বিদায় বেলায় আর অপমানিত হতে চাননি।"
"তিনি সারা জীবন সততার সঙ্গে বিচার করেছেন। কোনোদিন অসত্যের কাছে আপোস করেননি। ঊনি যেভাবে কাজ করেছেন, তা আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে", যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এএল/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24