২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষআইসিডিডিআরবির টাকায় সরকারি সফর!

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়া সরকারি প্রতিনিধি দলের অন্তত তিন সদস্যের খরচ দিয়েছে আইসিডিডিআর,বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেরা চিকিৎসার বিষয়টিকে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে নিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়া সরকারি প্রতিনিধি দলের অন্তত তিন সদস্যের খরচ দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সোমবার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এই প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যে জেনেভার উদ্দেশে রওনা হয়েছেন। তবে এই সফরে ঠিক কতজন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গী হয়েছেন তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিভাগের উপ সচিব মো. সায়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, প্রতিনিধি দলের তিন থেকে চারজনকে আইসিডিডিআর,বি পৃষ্ঠপোষকতা দিয়ে থাকতে পারে। তবে তাদের নাম তিনি প্রকাশ করেননি। উপ সচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সম্মলনে কলেরা নিয়ে আলোচনা হবে। এ কারণেই আইসিডিডিআর,বি কয়েকজন কর্মকর্তাকে খরচ দিচ্ছে। মো. সায়েদুল ইসলাম জানান, মন্ত্রী আ ফ ম রুহুল হক, তার ব্যক্তিগত সচিব, স্বাস্থ্য সচিব, যুগ্ম সুচিব (ডব্লিউএএইচও) ও যুগ্ম সুচিব (প্রশাসন) এই সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন। এর মধ্যে কেবল মন্ত্রীর খরচই সরকারিভাবে বহন করা হচ্ছে। বাকিরা যাচ্ছেন ব্যক্তিগতভাবে। "বিভিন্ন দাতা সংস্থা ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের স্পন্সর হয়েছে," যোগ করেন উপ সচিব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার সমর্থক চিকিৎসক সংগঠনের কয়েকজন নেতাও এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। মিটফোর্ড হাসপাতালের উপ পরিচালক ড. আবুল হাশেম খান ও আইসিডিডিআরবি,বির কলেরা ভ্যাকসিন প্রকল্পের মূখ্য পরিদর্শক ড. ফেরদৌসি কাদরিও আছেন স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক খন্দকার মো. সেফায়েতউল্লাহর জায়গা হয়নি এই প্রতিনিধি দলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেফায়েতউল্লহ বলেন, "কারা কারা (প্রতিনিধি দলে) আছেন তা আমি বলতে পারব না।" আইসিডিডিআর,বি ২০০৯ সালের নভেম্বর থেকে রাজধানীর মিরপুরে একটি কলেরা ভ্যাকসিনের কার্যকরিতা পরীক্ষা করে দেখছে। কলেরা চিকিৎসার বিষয়টিকে সরকারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে সংস্থাটি। গত বছর ২২ মে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের সভায় অংশ নিয়ে কলেরা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়ে একটি কৌশলপত্র উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। ওই কৌশলপত্রে তিনি বলেন, বাংলাদেশে বর্ষার আগে ও পরে দুই দফায় কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। আইসিডিডিআরবির ডা. ফেরদৌসি কাদরিও ওই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। কলেরা চিকিৎসার বিষয়টি যাতে উপস্থাপন করা হয়, তা নিশ্চিত করতে ২০১০ সালের ওই সফরেরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের একাধিক সদস্যকে পৃষ্ঠপোষকতা দেয় আইসিডিডিআর,বি। এ বিষয়ে ড. কাদরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইসিডিডিআর,বি সরকারের সঙ্গে মিলেই কাজ করে। এ কারণে হয়তো দুই-একজন কর্মকর্তাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের এই পদক্ষেপ ও কলেরা নিয়ে জেনেভায় মন্ত্রীর বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে- এমন কথা গত ১০ বছরে কখনোই সরকার বলেনি। সেক্ষেত্রে একটি আন্তর্জাতিক ফোরামে কেন বিষয়টি ওইভাবে উপস্থাপন করা হলো- তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্বাস্থ্য অধিকার আন্দোলন কমিটির নেতারা বলছেন, সরকার আসলে কলেরা ভ্যাকসিন চালু করার জন্য একটি 'ফাঁদে' পা দিয়েছে। আর যে প্রতিষ্ঠানটি সরকারকে ভুল পথে পরিচালিত করছে, ডায়রিয়াই হলো তাদের অর্থের যোগানদার। কমিটির প্রধান অধ্যাপক রশিদ-ই-মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি যদি একবার পাস হয়ে যায়, তাহলে সারা দেশে কলেরা প্রতিরোধ কর্মসূচি শুরু হবে। আর সেক্ষেত্রে ওরাল (মুখে খাওয়ার) কলেরা ভ্যাকসিনও এই কর্মসূচিতে ঢুকে পড়বে।" তিনি আরো বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস, এই পুরো বিষয়টি অপ্রয়োজনীয়। কেবল একটি গবেষণা সংস্থার স্বার্থ রক্ষায় এটা করা হচ্ছে।" নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কশন নিশ্চিত করা গেলেই ডায়রিয়া প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফ্রিকার অনেক দেশে কলেরার প্রাদুর্ভাব রয়েছে। এ রোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একটি কর্মকৌশল খুঁজছে। আর বাংলাদেশ এই সুযোগটাই নিয়েছে। তিনি বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রস্তাব গ্রহণ করেছে। এটা আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/বিডি/জেকে/২২২৪ ঘ.