২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ও সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

গাইবান্ধা, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ও সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। রোববার ভোররাত পৌনে ৩ টার দিকে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে গাইবান্ধা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ভোর রাত থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ১২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিলো। এলাকাবাসী জানান, ঝড়ে সাহাপাড়া ইউনিয়নের কাছদহ, নান্দিনা, শিবপুর ও নয়ানী সাবেকপুর গ্রামে শতাধিক বাড়িঘড় এবং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুকহরিদাস, ফুলবাড়ী, মুজাহিদপুর, বড়গোপালপুর, দৌলতপুর ও চক ভগবানপুর গ্রামে শতাধিক ঘরবাড়ী, মাদ্রাসা, ইউনিয়ন ভূমি অফিস ও স্কুল বিধস্ত হয়েছে। গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. হাসনাত জামান বলেন, ঝড়ে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বেইলি সেতুর কাছে ৩৩ হাজার কে ভি লাইনের তার ছিড়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা সকাল থেকে চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে লাইন মেরামত করে। সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান জানান, চারটি গ্রামে ক্ষতি হয়েে ব্যাপক। তবে ঝড়ে গোটা ইউনিয়নে গাছ, কাঁচা ঘরবাড়ী ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজল হোসেন জানান, ঝড়ে ইউনিয়নের গাছ, কাঁচা ঘরবাড়ী ও ফসলের ক্ষতি ব্যাপক হয়েছে। এছাড়া তার ইউনিয়নের ভূমি অফিসটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরিফুল হক বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় লোকজন পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানানো সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ১৮৩৫ ঘ.