২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব অফিসে তথ্য কর্মকর্তা নিয়োগের তাগিদ দিলেন মো. জমির

জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অফিসে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের তাদিগ দিয়েছেন প্রধান তথ্য কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অফিসে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের তাদিগ দিয়েছেন প্রধান তথ্য কমিশনার। রোববার আগারগাঁও তথ্য কমিশন মিলনায়তনে এক সেমিনারে প্রধান তথ্য কমিশনার মো. জমির বলেন, তথ্য জানতে নেই মানা স্লোগানের সঙ্গে 'তথ্য জানাতে নেই মানা'- দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি জানান, নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না দিয়ে প্রতিষ্ঠানের অন্য কাউকে এ পদে নিয়োগ দেওয়া যাবে। বেসরকারি সংস্থাগুলো মিলে একটি 'তথ্যকর্মী বাহিনী' গঠন করলে কমিশন সব ধরণের সহায়তা করবে বলেও আশ্বাস দেন প্রধান তথ্য কমিশনার। ২০০৯ সালের ১ জুলাই তথ্য অধিকার আইন কার্যকর হয়। এ আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে অনধিক ২০ কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবারহ করবেন। তথ্য না পেলে তথ্য কমিশনে অভিযোগ দেওয়া যাবে। তথ্য কমিশন ও বেসরকারি সংস্থা মানুষের জন্য 'তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের বর্তমান অবস্থা ও বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা' শীর্ষক এ সেমিনার আয়োজন করে। সেমিনারে তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার জানান, চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত তথ্য চেয়ে সারাদেশে ২৫ হাজার ৪১০ জন আবেদন করেন। এদের মধ্যে তথ্য না পেয়ে কমিশনে অভিযোগ আসে ৩৫টি। কমিশন শুনানি করে ৩১টি অভিযোগ নিষ্পত্তি করেছে। "দেশের দুই হাজার ৩৫টি এনজিও'র মধ্যে মাত্র ৩১২টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।" তথ্য কমিশনার সাদেকা হালিম অভিযোগ করেন, তথ্য অধিকার আইন সম্পর্কে কিছু না জানলেও অনেককেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পদে বসানো হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনে 'পেনালাইজেশনের' দিকে যাওয়া হবে বলে জানান তিনি। অন্যান্য বক্তারা জনগণের মধ্যে তথ্য পাওয়ার চাহিদা সৃষ্টির পক্ষে মত দেন। এজন্য তারা গণমাধ্যম, সিনেমা হল, কমিউনিটি রেডিওতে বিজ্ঞাপন দেওয়া, মোবাইলে বাংলায় এসএমএস দেওয়ার ব্যবস্থা, ঢাকার বাইরে তথ্যকর্মী বাহিনী গঠন এবং আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার দাবি জানান। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযান'র নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মো. আবু তাহের, মানুষের জন্য'র নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের চেয়ারম্যান এলিনা খানসহ বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮১৭ ঘ.