জামালপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলায় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের ছোনটিয়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত আজাদ (৫) দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।
এ ঘটনার পর এলাকাবাসী একঘণ্টা ওই সড়ক অবরোধ করেছে।
জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজাদ তার বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসচাপায় গুরুতর আহত হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনার পর এলাকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গেলে তারা অবরোধ তুলে নেয়।
বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24