ব্রাহ্মণবাড়িয়া, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ জন।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া (৫০) সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. হায়দার হোসেন জানান, সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয় যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ইয়াছিন মারা যান।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩১ ঘ.
bdnews24