ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজির দাম বাড়ানোর পর বাসের ভাড়াও বাড়ানো হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার। তবে সিদ্ধান্তের আগেই বাস ভাড়া বাড়ানো 'অযৌক্তিক' বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
মন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জ্বালানির দাম বৃদ্ধির পর গণপরিবহণের 'যৌক্তিক' ভাড়া নির্ধারণের জন্য সোমবার মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে।
বিকালে অনুষ্ঠেয় ওই সভায় পরিবহণ মালিক ও শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সবাই থাকবে।
গত ১২ মে সিএনজির দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৫ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ঢাকার বিভিন্ন রুটে ভাড়া বাড়িয়ে দেয় বাস মালিকরা। এনিয়ে বাস শ্রমিক-যাত্রী তর্কাতর্কি প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী বলেন, "ভাড়া নির্ধারণের আগেই অতিরিক্ত ভাড়া আদায় করা ঠিক হয়নি। তা অন্যায়ভাবে করা হয়েছে।"
তবে 'অন্যায়কারীদের' বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
জ্বালানির দাম বাড়ানোর আগেই কেন নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি- জানতে চাইলে আবুল হোসেন বলেন, জ্বালানির দাম বাড়ানোর বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশনের ব্যাপার। তারা স্বাধীনভাবেই দাম বাড়িয়েছে।
এ ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো সমন্বয়হীনতা কাজ করেছে কি না- প্রশ্ন করা হলে মন্ত্রী উত্তর দেন, "এটা কোনো সমন্বয়হীনতা নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24