২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তদন্তে আরো ৪৫ দিন সময়

আর সময় চাওয়া হবে না জানিয়ে দশ ট্রাক অস্ত্র মামলায় অধিকতর তদন্তের জন্য আরো ৪৫ দিন সময় নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর সময় চাওয়া হবে না জানিয়ে দশ ট্রাক অস্ত্র মামলায় অধিকতর তদন্তের জন্য আরো ৪৫ দিন সময় নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনে রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম আগামী ২৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ মামলায় প্রতিবেদন দেওয়ার সময় এ নিয়ে ত্রয়োদশবারের মতো বাড়ানো হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সময় বাড়ানোর আবেদনের শুনানিতে বলেন, এই মামলার তদন্তে আর সময় চাওয়া হবে না। "এবারের সময়কালে আইও অনেক কাজ গুছিয়ে এনেছেন। আশা করি, সময় বাড়ানো হলে মামলার তদন্ত কাজ শেষ করে আনা যাবে।" কামাল উদ্দিন আদালতকে "এ মামলার সময় বাড়নো গুরুত্বপূর্ণ নয়, জরুরি হলো ঘটনার কারণ অনুসন্ধান এবং আসামিদের চিহ্নিত করা।" মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এ ঘটনা তদন্তে অগ্রগতি অর্জন করেছেন উল্লেখ করে চট্টগ্রাম মহানগর পিপি কামাল বলেন, "আলোচিত এই মামলার রহস্য উন্মোচন অনেক দুরূহ ব্যাপার। আইও তা করেছেন। তিনি ধন্যবাদ পাবার যোগ্য।" মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীও কথা বলছেন একই সুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামের সিইউএফল জেটি ঘাটে অস্ত্র খালাস করার সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা নুরুল আমিন যে এ ঘটনায় সম্পৃক্ত ছিলেন- তার প্রমাণ পাওয়া গেছে। নুরুল আমিনকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা গেলে এ মামালার তদন্ত কাজ শেষ করে আনা যাবে।" অধিকতর তদন্তের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সময় বাড়ানোর আবেদনের ওপর শুনানি শেষে মহানগর দায়রা জজ তা মঞ্জুর করে আগামী ২৯ জুন প্রতিবেদন জমা দিতে বলেন। এ মামলার তদন্তের মেয়াদ এ নিয়ে ত্রয়োদশ বারের মতো বাড়নো হলো। এর আগে গত ৩০ মার্চ রাষ্ট্রপক্ষের আইনজীবী এ মামলার তদন্তের জন্য আদালতের কাছ থেকে ৪৫ দিন নেন। ওইদিনও তিনি বলেছিলেন, অধিকতর তদন্তের জন্য আর সময় চাওয়া হবে না। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে ট্রলার থেকে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামন বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ মোট ১১ জন এ মামলায় কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮০৪ ঘ.