গোপালগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অজ্ঞাত কারণে একটি বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
শনিবার সকাল ১০টায় কাশিয়ানী ভাদুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুলের সহকারী শিক্ষক নিরঞ্জন বিশ্বাস সাংবাদিকদের জানান, অসুস্থ ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরমধ্যে রয়েছে- ১০ শ্রেণীর মুর্শেদা খানম, সুমী, ৮ম শ্রেণীর পারমিন, তিশা, ৭ম শ্রেণীর রানু, সাহারা খানম, অন্তরা, সাদিয়া খানম, সুমনা, ৬ষ্ঠ শ্রেণীর নূর জাহান, সুলতানা, লাবনী ও তানিয়া। বাকিদের নাম জানা যায়নি।
নিরঞ্জন বিশ্বাস বলেন, ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি শেষে মোর্শেদা খানম মাথা ও পেটব্যথাসহ বমি ভাব নিয়ে অচেতন হয়ে পড়ে। তারপর একে একে প্রায় ৪০ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়।
পরে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আনিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসায় সুস্থ হওয়ায় ১৬ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের এভাবে অসুস্থ হওয়ার কারণ জানাতে পারেননি।
তবে হাসপাতালে ভর্তি ১৬ জনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৮ ঘ.
bdnews24