শেখ শাহরিয়ার জামান
ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে ডব্লিউটিও নীতিমালার পাশাপাশি আঞ্চলিক কাঠামোও বিবেচনায় রাখার পক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের সাবেক প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেবপ্রিয় বলেছেন, "ট্রানজিট মাশুল সম্পর্কে স্বচ্ছ ধারণা না নিয়েই ফি নির্ধারণ করে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালা অনুযায়ী ট্রানজিট সুবিধা দেওয়া হলে বাংলাদেশের 'জাতীয় স্বার্থ' রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন।
বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ উপদেষ্টা দেবপ্রিয় তিনি বলেন, "সমঝোতার দৃষ্টিকোণ থেকে দেখলে ট্রানজিট ইস্যুতে না জেনে না বুঝে ডব্লিউটিও'র নিয়মনীতি চালু করা হলে তা হবে অদূরদর্শী। সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়টিকে আরো সহজ করে তোলার জন্য দ্বিপাক্ষিক আলোচনা বা আঞ্চলিক কাঠামোর ভিত্তিতে এর সমাধান করা হলে সেটাই হবে বুদ্ধিমানের কাজ।
"এ ছাড়া ডব্লিউটিও'র নীতিমালায় সে সব সুবিধার কথা উল্লেখ রয়েছে, বিকল্প হিসাবে বাংলাদেশকে তার যথাযথ প্রয়োগও করতে হবে।"
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্ক খুবই স্পর্শকাতর বিষয়। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হলে এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করতে চাইলে এই ট্রানজিট হতে হবে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভজনক।"
তিনি বলেন, তথাকথিত মৌলিক ব্যয় ট্রানজিট ফি দিয়ে মেটানো হবে-এমন কথা না বলে প্রথম থেকেই আর্থিক ও বাণিজ্যিক দৃষ্টিকোণে উচ্চ লাভের আকাক্সক্ষা বাংলাদেশের থাকতে হবে।
দেবপ্রিয় বলেন, ভারত বলছে তারা 'যৌক্তিক মাশুল' দিতে তারা রাজি আছে। তাদের এ বক্তব্য স্পষ্টত বিভ্রান্তি সৃষ্টি করছে।
'ডব্লিউটিও'র নীতিমালা এখনই কেন?'
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অবাধ ট্রানজিট বিষয়ে 'গ্যাট আর্টিকেল ফাইভ' গত ছয় দশক ধরেই চালু আছে। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট পেতে ভারত কখনই এ বিষয়টির কথা উল্লেখ করেনি।
ডব্লিউটিও'র নীতিমালার ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক ট্রানজিট সুবিধা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কোন ধরনের আপত্তি বা সমস্যা দেখা দিলে তার সমধান হতে হবে জেনেভায়, ডব্লিউটিও'র প্রণীত সমঝোতা প্রক্রিয়ার মাধ্যমে।
ট্রানজিট মাশুল
দেবপ্রিয় আরো বলেন, ট্রানজিটের ক্ষেত্রে যানবাহন চলাচলে শুল্ক অব্যাহতি দেওয়া যেতে পারে। তবে অবাধ ট্রানজিটের অর্থ 'বিনামূল্যে' ট্রানজিট নয়।
তিনি উল্লেখ করেন, গ্যাট আর্টিকেল ফাইভ-এর ৩ থেকে ৫ অনুচ্ছেদে ট্রানজিট পণ্যের ওপর শুল্ক আরোপের কথা বলা হয়েছে। শুল্ক দুভাবে আরোপ করা যেতে পারে বলে এখানে উল্লেখ রয়েছে।
এর একটি হলো 'পরিবহন' এবং এর সঙ্গে সংশ্লিষ্ট টোল ও অন্যান্য মাশুল। অপরটি হলো 'প্রশাসনিক মাশুল' যা পুরো প্রক্রিয়াটি পরিচালনা করতে ব্যয় হয়ে থাকে।
কিন্তু এই মাশুল লব্ধ অর্থ দিয়ে বাজেটের ব্যয় মেটানো যাবে না। এমনকি মাশুল এমনভাবে নির্ধারণ করা যাবে না যা ডব্লিউটিও'র কোনো সদস্য দেশের কাছে 'অযৌক্তিক' মনে হতে পারে।
তবে উভয় ক্ষেত্রেই কোন মানদণ্ডে মাশুল নির্ধারণ করা হবে সে বিষয়ে এ আর্টিকেলে কোন কিছু বলা নেই।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি ডব্লিউটিও'র নীতিমালা প্রয়োগ করতে চায় তাহলে বিষয়টি কাতারের দোহায় বাণিজ্য সুবিধা বিষয়ক যে আলোচনা চলছে সেখানে উত্থাপন করা উচিত।
পরিবেশগত ক্ষতিপূরণের বিষয়টিও ট্রানজিট মাশুলে অন্তর্ভূক্ত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ডব্লিউটিও'র কাছ থেকে নতুন কোন নির্দেশনা না পেলেও 'পরিবহন মাশুল'- এর ক্ষেত্রে যে সুবিধা বিদ্যমান আছে তার আওতায় এ ধরনের সামাজিক ক্ষতিপূরণে অর্থ আদায় করার এখতিয়ার বাংলাদেশ সরকারের রয়েছে।
আর এটা নির্দ্বিধায় বলা যায় যে, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট পেলে এ ধরনের সব মাশুল পরিশোধ করার পরও তা ভারতের জন্য লাভজনক হবে।
ডব্লিউটিও'র নীতিমালা অনুযায়ী, ট্রানজিট সুবিধা দানকারী দেশের দৃষ্টিতে যে পথ সবচেয়ে 'সুবিধাজনক' সেই পথে এই ট্রানজিট দিতে হবে। সুতরাং অবাধ ট্রানজিটের জন্য সম্ভাব্য সব রুটই উন্মুক্ত-এটা বলা যাবে না। তাই এই রুট নির্ধারণ করার জন্য সম্পূরক আলোচনার প্রয়োজন।
যৌথ ইশতেহার
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যে যৌথ ইশতেহার ঘোষণা করা হয়েছে তাতে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ রয়েছে। ট্রানজিট সুবিধার বিষয়ে অগ্রসর হওয়ার জন্য এটাকেই মূল ভিত্তি হিসাবে গণ্য করা যেতে পারে।
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই ইশতেহার ঘোষণা করলেও এতে যোগাযোগ সহযোগিতার ক্ষেত্রে নেপাল ও ভুটানের কথাও উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ট্রানজিট বিষয়ে এই অঞ্চলের সব দেশের সঙ্গেই বাংলাদেশ সরকারের ব্যাপক আলোচনা করা উচিৎ। আর এই আলোচনা করা হলে তা ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের সময় ট্রানজিট সম্পর্কিত বিষয়ে একটি নির্দেশনা চুক্তি করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/কেএমএস/২০২৪ ঘ.
bdnews24