২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

বরিশালের নলসিটি উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

বরিশাল, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের নলসিটি উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের তিমিরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং তিনটি বাসে ভাংচুর চালায়। নিহত সোহেল গাজী (১৩) নলছিটি উপজেলার ভরতকাঠী জিআর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। সে উপজেলার দক্ষিণ তিমিরকাঠী এলাকার দিনশ্রমিক মোক্তার গাজীর ছেলে। নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে তিমিরকাঠি এলাকায় রাস্তা পার হওয়ার সময় পটুয়াখালীগামী একটি বাস সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহেলের মৃত্যুতে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর উপজেলা চেয়ারম্যান বিকে মোস্তাফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় চক্রবর্তী, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মৃধা ঘটনাস্থলে যান। তারা এর বিচারের আশ্বাস ও সোহেলের পরিববারকে আর্থিক সাহায্য দেওয়ায় জনতা অবরোধ তুলে নেয়। পরে পরিবারের সদস্যদের কাছে সোহেলের লাশ হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২১২৬ ঘ.