টাঙ্গাইল, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরে একটি বিপনী বিতানে সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণে দুজন নিহত ও ছয়জন হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার ওই বিস্ফোরণে নিহতরা হলেন- শহরের প্যারাডাইস পাড়ার রাজন সাহা (২২) এবং কলেজ পাড়ার শিখা মণ্ডল (৩০)। এরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল শহরে মাহামুদুল হাসান কলেজ মার্কেটে সেপটিক ট্যাঙ্কের বিস্ফোরণের ওই ঘটনায় আরো ছয়জন আহত অবস্থায় হাসপাতালে চিহিৎসাধীন। এরা হলেন- হৃদয় (১৪), গোবিন্দ (২২), সোলায়মান (২২), সালমা আক্তার (২৩) ও তার পুত্র আনন (৩) এবং দমকল বাহিনীর কর্মী বলাই হরিজন (২৫)।
সিভিল সার্জন ডা. আবদুল বাছিত জানান, আহতরা আশঙ্কামুক্ত।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় মার্কেটের শুভেচ্ছা বস্ত্র বিপনীর সামনে সেপটিক ট্যাঙ্কে হঠাৎ বিস্ফোরণ ঘটে।
এতে ট্যাঙ্কের উপরের অংশ খণ্ডবিখণ্ড হয়ে ছিটকে পড়ে। এর আঘাতে ৮ জন আহত হয়। এরা সবাই মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন।
নিহত রাজন শুভেচ্ছা বস্ত্র বিপনীর মালিকের ছেলে।
রাতে সদর হাসপাতালে আহতদের দেখতে গিয়ে জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী সাংবাদিকদের তিন সদস্যের কমিটি গঠনের কথা জানান।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মাহফুজুর রহমান আল মামুন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. লোকমান হোসেন।
কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ডিডি/পিডি/২৩৫৩ ঘ.
bdnews24