পাবনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় দুই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ঘটেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এরা হলেন- চাঁদ উল্লাহ মিয়া (৩৮) ও মিরাজুল ইসলাম (১৩)। তারা চিনামারী গ্রামের অধিবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের পাঁচদিনের ওষুধ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাকলাইয়েন আহমেদ বলেন, লক্ষণ দেখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা অ্যানথ্রাক্স সংক্রমণ শনাক্ত করেন।
"১০/১২ দিন আগে গ্রামের হামিদ চুন্নুর স্ত্রী মমতাজ বেগম একটি ছাগল জবাই করেন। চাঁদ উল্লাহ মিয়া ও মিরাজুল ইসলাম ওই ছাগলের মাংস নাড়াচারা করেন।
"এতে তাদের হাতের আঙুলে বড় ক্ষতের সৃষ্টি হয়। দেখে মনে হয়েছে তাদের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ঘটেছে। তাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ওষুধ দেওয়া হয়।"
সাঁথিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে ওই গ্রামে প্রায় ৫'শ ছাগলকে অ্যানথ্রাক্স প্রতিরোধক টিকা দেওয়া হয়েছে।
"অ্যানথ্রাক্সের জীবাণু প্রায় ৪০ বছর পর্যন্ত জীবিত থাকে। তাই কোনো এলাকায় একবার দেখা দিলে সহজে নির্মূল করা যায় না।"
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ওই এলাকায় শিগগির টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২০৫২ ঘ.
bdnews24