২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরিতে আগুন তদন্তে ৫ সদস্যের কমিটি

মাদারীপুরের মাওয়া-কাওড়াকান্দি রুটের ফেরিতে অগ্নিকাণ্ড তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

মাদারীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের মাওয়া-কাওড়াকান্দি রুটের ফেরিতে অগ্নিকাণ্ড তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হাজরা টার্নিং পয়েন্টে রো রো ফেরি শাহ মখদুমে অগ্নিকাণ্ডের কারণে শনিবার পদ্মা পারাপার ৫ ঘণ্টা বন্ধ ছিলো। তবে এতে কেউ হতাহত হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ সদস্যের কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। চার দিন ধরে এ কমিটি কাজ করবে। কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিটিসির পরিচালক (প্রশাসন) জ্ঞান রঞ্জন শীলণকে। সদস্যরা হলেন- সংস্থার মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন শওকত সরদার, মহাব্যবস্থাপক (প্রকৌশল) আলমগীর আজাদ, মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহাবুদ্দিন মিয়া ও মহাব্যবস্থাপক (হিসাব) মজিবুর রহমান। এ কমিটি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে প্রতিবেদন দেবে বলে সিরাজুল জানান। শনিবার প্রথম প্রহরে আকস্মিকভাবে রো রো ফেরি শাহ মখদুমে আগুন লাগে। এতে ফেরির চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি বলে বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন। রাত ২টার দিকের এ অগ্নিকাণ্ডের পর ওই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল ৭টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া ছেড়ে আসা শাহ মখদুম ফেরিটি হাজরা টার্নিংয়ে পৌঁছলে ইঞ্জিন এ্যাডজাস্টে হঠাৎ আগুন লাগে। পাইপের কারণে তা চতুর্থ তলার ব্রিজে ছড়িয়ে পড়ে। "ফেরির স্টাফরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। তখন অন্যান্য ফেরি এসে ইঞ্জিন দিয়ে নদী থেকে পানি তুলে তা ছুড়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে", বলেন তিনি। ফেরির চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। ফেরিটি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.