২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরিতে আগুন, পদ্মা পারাপার বন্ধ ৫ ঘণ্টা

মাদারীপুরের মাওয়া-কাওড়াকান্দি রুটের হাজরা টার্নিং পয়েন্টে একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের কারণে পারাপার ৫ ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

মাদারীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের মাওয়া-কাওড়াকান্দি রুটের হাজরা টার্নিং পয়েন্টে একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের কারণে পারাপার ৫ ঘণ্টা বন্ধ ছিলো। শনিবার প্রথম প্রহরে আকস্মিকভাবে রো রো ফেরি শাহ মখদুমে আগুন লাগে। এতে ফেরির চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি বলে বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন। রাত ২টার দিকের এ অগ্নিকাণ্ডের পর ওই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল ৭টায় ফেরি চলাচল পুনরায় শুরু হলেও মাওয়া ও কাওড়াকান্দি ফেরি ঘাটে যানজট রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া ছেড়ে আসা শাহ মখদুম ফেরিটি হাজরা টার্নিংয়ে পৌঁছলে ইঞ্জিন এ্যাডজাস্টে হঠাৎ আগুন লাগে। পাইপের কারণে তা চতুর্থ তলার ব্রিজে ছড়িয়ে পড়ে। "ফেরির স্টাফরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। তখন অন্যান্য ফেরি এসে ইঞ্জিন দিয়ে নদী থেকে পানি তুলে তা ছুড়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে", বলেন তিনি। ফেরির চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বর্তমানে ফেরিটি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বাতেন। এদিকে শুক্রবার রাত ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় ডাম্প ফেরি রানীক্ষেত একটি চরের সঙ্গে ধাক্কা খেলে ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন বলেও জানান বিআইডাব্লিওটিসি কর্মকর্তা বাতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৪০ ঘ.