২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী গোলাম রহমানের 'হত্যাকারী' গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে প্রকৌশলী গোলাম রহমান হত্যায় জড়িত অভিযোগে তাদের গৃহকর্মী নূর ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে প্রকৌশলী গোলাম রহমান হত্যায় জড়িত অভিযোগে তাদের গৃহকর্মী নূর ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে যশোরের ঝিকরগাছা এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। সোমবার দিবাগত রাতে ২৫/২ লেক সার্কাস কলাবাগানের বাসায় গোলাম রহমান খুন হন। বুধবার গভীর রাতে ওই বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। র‌্যাব-২-এর লেফটেন্যান্ট কমান্ডার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর ইসলাম বাসে ভারত পালিয়ে যাচ্ছিলো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আটক হওয়ার পর প্রথমে সে নিজেকে হাসান বলে পরিচয় দেয়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বর পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হয়। নূর ইসলাম র‌্যাবকে জানিয়েছে, বাসা থেকে টাকা ও সোনার গয়না লুট করতে গোলাম রহমানকে হত্যা করেছে। ওই সময় তার সঙ্গে চাচাতো ভাই লাভলু রহমানও ছিল বলে সে জানায়। সে এখনো পলাতক। হত্যার আগে গোলাম রহমানকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল বলে নূর ইসলাম জানায়। হত্যা করার পর তারা ওই বাসা থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ওই স্বর্ণ ও টাকা দুজনে ভাগ করে নেয়, জানায় নূর ইসলাম। গত ছয়মাস ধরে নূর ইসলাম ওই বাসায় কাজ করছিল। তার মা-বাবাও এ বাড়ির গৃহকর্মী ছিলো। র‌্যাব কর্মকর্তা আনিসুর রহমান আরো জানান, আপাতত মনে হচেছ টাকা ও স্বর্ণ চুরির করার জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগের এই সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অনেক সম্পত্তি রয়েছে। তাই অন্যকোনো কারণে এ হত্যাকাণ্ড হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। সন্দেহভাজন অপর হত্যাকারী লাভলু রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন র‌্যাব কর্মকর্তা। তার স্ত্রী সাবেক মহিলা সাংসদ শাহানা রহমান এ ঘটনায় নূর ইসলামসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কলাবাগান থানায় মামলা করেছেন। গোলাম রহমানের স্ত্রী দুই মেয়েকে নিয়ে ঝিনাইদহ গ্রামের বাড়ি গিয়েছিলেন। ওইদিন বাসায় ছিলেন শুধু গোলাম রহমান ও গৃহকর্মী নূর ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০৩৫ ঘ.