২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি লটারির ফল বাতিল

ডাইভারসিটি ভিসা (ডিভি-২০১২) লটারির ফল বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন লটারির পর ১৫ জুলাই নাগাদ নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাইভারসিটি ভিসা (ডিভি-২০১২) লটারির ফল বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন লটারির পর ১৫ জুলাই নাগাদ নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে (www.dvlottery.state.gov) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কম্পিউটার প্রোগ্রামিংয়ে ত্র"টি থাকায় ১ থেকে ৬ মে প্রকাশিত ডিভি লটারির ফল বাতিল করা হয়েছে। ওই ফল সঠিক নয় এবং তা প্রকাশের ক্ষেত্রে ভুল ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে ফল প্রকাশ করা হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সঠিকভাবে দৈবচয়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ বিষয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব আবেদনকারীকে ডিভি-২০১২ কর্মসূচির পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হওয়ার খবর জানানো হয়েছিল, এবং যাদের নির্বাচিত না হওয়ার তথ্য দেওয়া হয়েছিল- তার সবই বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করা হবে জানিয়ে পররাষ্ট্র দপ্তর বলছে, ২০১২ সালের ডিভি লটারির জন্য আর নতুন করে আবেদন করতে হবে না। যারা ২০১০ সালের ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে সঠিকভাবে আবেদন করেছিলেন, তাদের তথ্য নিয়ে শিগগিরই সঠিক প্রক্রিয়া মেনে লটারি করা হবে। ডাইভারসিটি ভিসার লটারিতে নির্বাচিতদের নাম আগামী ১৫ই জুলাই বা কাছাকাছি সময়ে প্রকাশ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের জন্য ডিভি লটারির ফল পাওয়া যাবে মে মাস থেকে। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০ হাজার জনকে স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হয়। এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ৩৯ হাজার জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০০৪৫ ঘ.