ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার তার অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে।
লন্ডনভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শুক্রবার বিশ্বব্যাপী তার বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।
'দি স্টেট অব দি ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস' শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী ২০১০ সালের প্রথম ১০ মাসে র্যাব ও পুলিশ সদস্যদের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৬০ জনের বেশি মানুষ।
এই সময়ের মধ্যে র্যাব ও পুলিশ সদস্যরা বিভিন্ন রাজনৈতিক ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে দেড় হাজারের বেশি মানুষকে 'নির্বিচারে' আটক করে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতেও দেখা গেছে র্যাব ও পুলিশ সদস্যদের।
এছাড়া পুলিশ হেফাজতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে শারীরিক নির্যাতনই এসব মৃত্যুর কারণ।
অ্যামনেস্টির এই রিপোর্টে বিশ্বব্যাপী মানুষ কীভাবে নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, মানবাধিকার লঙ্ঘনের কারণে যেসব কমিউনিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারাই মানবাধিকার রক্ষার লড়াইয়ে প্রধান চালিকা শক্তি।
ওই রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
'বিচার-বহির্ভূত' হত্যাকাণ্ড বন্ধে সরকার তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে- এই দাবি করে প্রতিবেদনে গত বছরের ৩ মে'র একটি ঘটনা তুলে ধরা হয়।
এতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়, কুষ্টিয়ার কলাবাড়িয়া গ্রামের আব্দুল আলিম (৩২) নামে এক যুবককে ওই দিন গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পরদিন পরিবারের সদ্যসরা তাকে মৃত অবস্থায় আবিষ্কার করেন। অবশ্য একজন পুলিশ কর্মকর্তা দবি করেন, গ্রেপ্তারের সময় প্রতিরোধ করতে গিয়ে আব্দুল আলিম নিহত হয়।
পরে জুলাই মাসে এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আসামি করে কুষ্টিয়ার আদালতে ওই পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। আদালতের নির্দেশে কুষ্টিয়ার পুলিশ ঘটনা তদন্ত করে অগাস্টে প্রতিবেদন জমা দেয়। কিন্তু যে প্রতিবেদন দেওয়া হয় তাতে পুলিশের আগের বক্তব্যেরই যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করা হয়। আব্দুল আলিমের পরিবার পুলিশের ওই তদন্ত প্রতিবেদন আদালতে চ্যালেঞ্জ করে, যার নিষ্পত্তি আজো হয়নি।
হেফাজতে নির্যাতন
প্রতিবেদনে বলা হয়, পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনে অন্তত ছয়জনের মৃত্যু হয়। আটক ব্যক্তিদের হেফাজতে নির্যাতনের অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হলেও কাউকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
এ প্রসঙ্গে দুটি ঘটনা তুলে ধরে অ্যামনেস্টি।
বৈধ লাইসেন্স ছাড়া পত্রিকা প্রকাশের কথিত অভিযোগে দৈনিক 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গত বছরের জুনে আটক করা হয়। পরে তিনি আদালতে অভিযোগ করেন যে, হেফাজতে থাকা অবস্থায় পুলিশ কর্মকর্তারা তাকে মারধর করেন।
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশের সময় গত বছরের অগাস্টের গোড়ার দিকে অন্তত ছয়জন পোশাক শ্রমিককে আটক করে পুলিশ। যাদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।
নির্বিচারে আটক-গ্রেপ্তার
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ছাত্রবিক্ষোভের সময় ও রাস্তায় বিক্ষোভ-সমাবেশ চলাকালে র্যাব ও পুলিশ সদস্যরা বিরোধীদলের দেড় হাজারেরও বেশি সমর্থককে এক সপ্তাহ থেকে দুই মাসের জন্য আটক করে। এদের মধ্যে অনেককেই নির্বিচারে আটক করা হয়। কখনো কখনো তা ছিল সহিংস। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। বাকিদের কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়।
গত বছরের জুনে প্রধান বিরোধী দল বিএনপির হরতাল কর্মসূচি পালনের সময় ও এর পরপর ২০০ জনকে এক থেকে পাঁচ সপ্তাহের জন্য আটক করে পুলিশ, যাদের মধ্যে দলটির শীর্ষ স্থানীয় ২০ জন সদস্য ছিলেন।
অতিরিক্ত বল প্রয়োগ
২০১০ সালের ২৭ জুন বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের বাসভবনে র্যাব সদস্যদের অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ওইদিন বিরোধীদলের হরতাল চলাকালে ওই বাসভবনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর র্যাব সদস্যরা বিনা উস্কানিতে হামলা চালায়। তাদের প্রহারে অন্তত ২০ জন আহত হয়, যাদের বেশিরভাগই নারী।
গত বছরের জুন ও অগাস্টে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটী শত শত পোশাক শ্রমিকের সঙ্গে পুলিশ সংঘর্ষে লিপ্ত হলে বেশ কিছু শ্রমিক আহত হয়। পোশাক শ্রমিকদের ওপর ওই হামলার জন্য র্যাব বা পুলিশের কোনো সদস্যকে অভিযুক্ত করা হয়নি।
নারীর প্রতি সহিংসতা
রিপোর্টে সরকারি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০১০ সালের প্রথম ছয় মাসে নারীর প্রতি সহিংসতার ঘটনা ছিল পুলিশের কাছে তালিকাভুক্ত সব অপরাধের অভিযোগের শীর্ষে।
পুলিশের কাছে আসা ৭ হাজার ২৮৫ টি অভিযোগের মধ্যে ১ হাজার ৫৮৬ টি ছিল ধর্ষণের মামলা।
এর আগে গত ১০ মে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস ওয়াচ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, হত্যা ও নির্যাতনের ছাড়পত্র নিয়ে র্যাব কাজ করছে। সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এ বাহিনীকে বিলুপ্ত করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
একইসঙ্গে এলিট এই বাহিনীর প্রতি সমর্থন তুলে নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশে বর্তমান মহাজোট সরকারের দুই বছরের শাসনামলে র্যাবের 'নির্যাতন-হত্যা' বেড়েছে বলে হিউমেন রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, এ সময়কালে প্রায় ২০০ জনকে 'হত্যা' করেছে র্যাব।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র্যাব।
গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এ বাহিনীকে দায়ী করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যেমন রয়েছে, তেমনি নিরাপরাধ লোকও রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেন র্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পা হারানোর পর এ বাহিনীর সমালোচনায় মুখর হয় দেশের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও এ ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24